শীত ঘোচাতে কনসার্ট

রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত কনসার্টে গান গাইছিলেন সংগীতশিল্পী তাহসান। আর বাইরে কনসার্টে ঢোকার জন্য দর্শকদের লম্বা সারি। অথচ সারিতে দাঁড়ানো কারও হাতে নেই কনসার্টের টিকিট। তার বদলে কারও হাতে পেপারে মোড়ানো কম্বল, কেউ কাগজের ব্যাগ ধরে আছেন, যাতে সোয়েটার, জ্যাকেটের মতো শীতবস্ত্র ভরা।
কোনো টিকিট নয়, কনসার্টে আসতে হলে সঙ্গে আনতে হবে একটি কম্বল। প্রবেশপথে সেই কম্বল জমা দিলেই মিলবে ভেতরে ঢোকার অনুমতি। ‘কনসার্ট ফর কম্বল’ নামের এই অনুষ্ঠান ঘোচাবে ৩২ জেলার অনেক মানুষের শীত।
কনসার্ট ফর কম্বলের উদ্যোক্তা ‘প্রজেক্ট কম্বল’ নামের একটি সংগঠন। তাদের ডাকে সাড়া দিয়েছিলেন দেশের প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীরা। এর মধ্যে আছে অর্থহীন, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট, ডিফারেন্ট টাচ, দৃক, ধারক, হাবিব, তাহসান, কেএইচসি অ্যান্ড ফ্রেন্ডস, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, শূন্য ও যাত্রী। সবাই কোনো ধরনের সম্মানী ছাড়াই এ আয়োজনে অংশ নিয়েছে।
আয়োজকেরা কনসার্টে ঢোকার জন্য কম্বল আনতে বললেও অনেকে নিয়ে আসেন অন্যান্য শীতবস্ত্র। আয়োজকেরা মান ভালো হলে সেগুলোও গ্রহণ করেন। যাঁরা কম্বল কিংবা শীতবস্ত্র কিছুই আনার সুযোগ পাননি, তাঁরাও কনসার্টে এসে ২৫০ টাকা দিয়ে ‘কম্বল পাস’ কিনে ঢুকতে পেরেছেন। কনসার্টে ঢোকার মুখেই টানানো সামিয়ানার নিচে স্তূপ ওঠে দর্শকদের নিয়ে আসা শীতবস্ত্রের।
মাঠের বাইরে পাঁচটি কম্বল নিয়ে ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন ইকবাল করিম। তিনি বললেন, ‘পাঁচ চাকরিজীবী বন্ধু মিলে কচুক্ষেত বাজার থেকে কম্বল কিনে এনেছি। এমন ব্যতিক্রমী উদ্যোগ আরও হওয়া উচিত।’
‘চিরকুট’ ব্যান্ডদল ব্যতিক্রমী এ উদ্যোগে শুধু সম্মানী ছাড়া গান শোনানোর মধ্যেই সীমাবদ্ধ থাকল না। তারা সঙ্গে করে নিয়ে এসেছিল ছয়টি কম্বলও। চিরকুটের ভোকাল সুমি প্রথম আলোকে বলেন, শীতার্তদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অভূতপূর্ব। বিছিন্নভাবে দিলে কেউ পায়, কেউ পায় না। এভাবে দিলে শীতার্তদের একটি বড় অংশ পাবে।
আয়োজকেরা জানালেন, কনসার্ট থেকে পাওয়া কম্বলগুলো দেশের বিভিন্ন বিভাগের ৩২টি জেলার প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করা হবে। মোবাইল সেবাদান কোম্পানি রবি টেলিকম থেকে কনসার্টে এক হাজার কম্বল দেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যেই কনসার্ট থেকে পাওয়া শীতবস্ত্রগুলো শীতার্ত মানুষের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
মেয়েকে সঙ্গে নিয়ে কনসার্টে এসেছেন এন এম ইলিয়াস। বললেন, ‘নিউমার্কেট গিয়েছিলাম কম্বল কিনতে। এখানেও কম্বল কেনার ব্যবস্থা ছিল জানতাম না। এমন আয়োজনে অংশ নিতে পেরেও ভালো লাগছে। আলাদাভাবে শীতবস্ত্র বিতরণ না করে, এভাবে সমন্বিতভাবে দেওয়ার কাজে সবার এগিয়ে আসা উচিত।’
ভিন্ন ধারার এ কনসার্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত শিল্পীরাও। ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের মাকসুদ প্রথম আলোকে বলেন, ‘এটা একটা অন্যরকম ব্যাপার। জীবনে অনেক কনসার্ট করেছি। কিন্তু এই কনসার্টে মন থেকে এসেছি। সমন্বিতভাবে শীতবস্ত্র বিতরণের এই যে উদ্যোগ, তাতে অংশ হতে পেরেও ভালো লাগছে।’
‘চিরকুট’ ব্যান্ডের সুমি গান পরিবেশনার শুরুতেই মঞ্চে ডেকে নেন আয়োজকদের কয়েকজনকে। সবাই মিলে গেয়ে ওঠেন ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’। মাঠে উপস্থিত হাজারো জনতা গলা মেলান তাঁদের সঙ্গে। শীতার্ত মানুষের জন্য কম্বলের বিনিময়ে কনসার্ট, এমনটি আসলেই অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।