শীত জেঁকে বসেছে গরিবের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার, বেলা ১১টা! সূর্যের দেখা মেলেনি তখনো। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। জেলাজুড়ে হরতাল। যানবাহন ছিল কম। জরুরি প্রয়োজন ছাড়া বের হয়নি কেউ। শহরের আতাইকুলা সড়কে কথা হয় রিকশাচালক আলীম উদ্দিনের সঙ্গে। তাঁর বাড়ি সদর উপজেলার দ্বিপচর গ্রামে।
শীত কেমন—জানতে চাইলে আলীম উদ্দিন বলেন, ‘গরিব মানসের আবার শীত-গরম! বাড়িত লাড়া (খড়) দিয়ে তোসক বানাইছি। পোলাপান নিয়ে জরাইকুড়াই থাহি। কিন্তু তাউ জেন জার (শীত) ছারবের চায় না। তাই রিকশা নিয়ে বড়াইচি। রিকশার প্যাডেল ঘুরালি ইকটু গরম লাগে।’
আলীম উদ্দিনের কথার সূত্র ধরে খোঁজ নেওয়া হয় জেলার চরাঞ্চলে। কথা হয় বেড়া উপজেলার মাশুমদিয়া ইউনিয়নের পাইকান্দি চরের কৃষক ইউসুফ মৃধার সঙ্গে। তিনি জানান, প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরের মানুষের কষ্টের পাশাপাশি কাজকর্মও বন্ধ। ঠান্ডার কারণে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। কৃষিশ্রমিকেরা চলতি বোরো মৌসুমের ধান রোপণ করতে পারছেন না। পেঁয়াজের চারা নষ্ট হয়ে যাচ্ছে।
সুজানগর উপজেলা সদরের রেজাউল ইসলাম জানান, শীতে সবচেয়ে কষ্টে আছে গরিব মানুষ। অনেক গ্রামেই শীতের কাপড়ের অভাবে কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
জেলা সদরের হরিজন কলোনির নেতা শাওন বাশফোড় বলেন, হরিজন সম্প্রদায়ের অধিকাংশ মানুষই দরিদ্র। জেলা শহরের দুটি কলোনিতে দেড় শতাধিক পরিবারের এক হাজার সদস্য রয়েছে। যত শীতই পড়ুক, পানি তাদের নাড়তে হয়-ই। ভোরে উঠে বের হতে হয় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে। কিন্তু তাদের খোঁজ কেউ রাখে না। প্রচণ্ড ঠান্ডায় অনেকেই খুব কষ্টে আছে।
জেলার বেশ কয়েকটি বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার বেশির ভাগ অঞ্চলই গ্রাম ও চরবেষ্টিত। অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে ভালো শীতের কাপড় কিনতে পারে না তারা। বিভিন্ন সংস্থা শীতবস্ত্র বিতরণ করলেও গ্রামে তা খুব কমই পৌঁছায়। তাই পুরো শীতের মৌসুম তাদের কষ্টে কাটাতে হয়।
গতকাল দুপুরে সরেজমিনে জেলা শহরের পুরাতন শীতবস্ত্রের বাজার পাবনা নিকসন মার্কেটে গিয়ে দেখা যায়, শীতের সঙ্গে সঙ্গে মার্কেটের পরিধিও বৃদ্ধি পেয়েছে। স্থায়ী দোকানের পাশাপাশি সড়কের পাশ ঘেঁষে বসেছে অস্থায়ী দোকান। অনেকেই ভ্যানে ভ্রাম্যমাণভাবেও শীতবস্ত্র বিক্রি করছেন। ক্রেতারা ঘিরে রেখেছে দোকানগুলো।
জেলা সিভিল সার্জন তাহসিন বেগম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। যারা হাসপাতালে আসছে তাদের অধিকাংশ গরিব রোগী।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সরকারি-বেসরকারি বিভিন্নভাবে আমাদের কাছে শীতবস্ত্র আসছে। আমরা নিজেরা রাতে বাড়ি বাড়ি গিয়ে সেগুলো বিতরণ করছি। কোনো এলাকা থেকে এখনো শীতের জন্য হা-হুতাশের খবর পাইনি।’