শীত দমাতে পারছে না প্রার্থীদের
পৌষের কনকনে শীত দমাতে পারছে না নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচনের প্রার্থীদের। সূর্য ওঠার আগেই তাঁরা বেরিয়ে পড়ছেন নির্বাচনী প্রচারণায়।
পৌরসভার বেশ কয়েকজন বাসিন্দা বলেন, কনকনে শীতের মধ্যে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। সকালে দরজায় কড়া নেড়ে তাঁদের ঘুম ভাঙাচ্ছেন তাঁরা। এক বাড়িতে একাধিকবারও গেছেন কোনো কোনো প্রার্থী।
স্থানীয় সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল কাদের মির্জা, বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী এবং জামায়াত-সমর্থিত প্রার্থী (স্বতন্ত্র) মো. মোশারফ হোসাইনের প্রচারণা চোখে পড়ার মতো। সকাল থেকে গভীর রাত অবধি তাঁরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় দিন সকালে প্রার্থীদের ডাকে ঘুম ভাঙে। এক প্রার্থী একাধিকবারও বাড়িতে এসেছেন ভোট ও দোয়া চাইতে। আর রাস্তাঘাটে দেখা হলে কুশল বিনিময় তো আছেই।
একই এলাকার গৃহবধূ কোহিনুর বেগম বলেন, কখনো প্রার্থী, কখনো প্রার্থীর লোকজন এসে কুশল বিনিময় করে যাচ্ছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, তিনি প্রতি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ৮ নম্বর ওয়ার্ডে আর বিকেলে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছেন।
বিএনপির প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বলেন, প্রচারণায় এখন পর্যন্ত তিনি কোনো বাধা পাননি। এলাকার মানুষের মাঝে ভোট নিয়ে যথেষ্ট উৎসাহ লক্ষ করা গেছে। সুষ্ঠু ভোট হলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।