শীত-দুর্যোগে সিডর ও আইলার গৃহহীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা, শীতে খালি শরীলডা ফোরে, মনে অয় হাড়ের মধ্যে ঢুইক্কা যায় শীত, হারা রাইত ঘুমাইতে পারি না, দিশাহারা অইয়্যা শেষে চুলার ধারে যাই, চুলার নেভা আগুনে শরীলডা একটু গরম অইলে শুইতে অই, কিন্তু আবার যেই-সেই অবস্থা।’বরগুনা সদর উপজেলার দক্ষিণ পাতাকাটা গ্রামের বৃদ্ধ আ. লতিফ প্রচণ্ড শীতে দুর্বিষহ কষ্টের বর্ণনা দিচ্ছিলেন এমন করেই। বঙ্গোপসাগর থেকে উঠে আসা প্রমত্তা পায়রা নদীর পাড়ের এই গ্রামটি ঘূর্ণিঝড় সিডরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। এখনো অনেক পরিবার ঘর তুলতে পারেনি। জীবিকার বাহন জাল-নৌকা তৈরি করে জীবিকায়ও ফিরতে পারেনি। ভাঙাচুরা ঘরের ভগ্নাংশ দিয়ে বানানো খুপরি ঘরে কয়েক শ পরিবার মানবেতর দিন কাটাচ্ছে। সরেজমিনে পায়রা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে অসংখ্য খুপরিতে বসবাসকারীদের মানবেতর জীবনযাপনের দৃশ্য চোখে পড়ে। গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে এই গ্রামের মানুষের কষ্টের সীমা নেই। শুধু পাতাকাটা গ্রাম নয়, একই অবস্থা পাথরঘাটার বলেশ্বর তীরের তালতলী, ফকিরহাট, তেতুলবাড়িয়া, নলবুনিয়া; বরগুনা সদরের নিশানবাড়িয়া, গর্জনবুনিয়া, লতাকাটা, ছোনবুনিয়া, সোনাতলা, মাছখালী, বরইতলা, মাঝেরচরসহ জেলারচর ও বাঁধের ঢালে বসবাসকারী প্রায় দুই লাখ বাসিন্দার। শীতের কবল থেকে বাঁচার জন্য এসব এলাকার মানুষের যেমন পর্যাপ্ত গরম কাপড় নেই তেমনি অধিকাংশ পরিবারেরই ঘরদোর নেই। তাই শীত তাদের জীবনে আরেক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর জানান, ঘূর্ণিঝড় সিডরে ঘরদোর হারানো প্রায় ৫০ ভাগ মানুষ এখনো সরকারি বা বেসরকারি সহায়তার আওতায় আসেনি। এবার শীত মৌসুমে জেলায় মাত্র এক হাজার কম্বল পাওয়া গেছে।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আইলা-বিধ্বস্ত গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামের মঞ্জিলা খাতুন গত বছরের মে মাস থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিধ্বস্ত বাঁধের ওপর পলিথিন কাগজ দিয়ে বানানো টং ঘরে বসবাস করছেন। ঘরে খাবার নেই। শীতে গরম কাপড় কিনবেন কোথা থেকে। সরকারিভাবে কোনো কাপড় পাননি। তীব্র শীতের সঙ্গে ঠান্ডা বাতাসে মঞ্জিলার যেন বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। তাঁর মতোই অবস্থা গাবুরা ও গদ্মপুকুর ইউনিয়নে ১২ হাজার পরিবারের ৫২ হাজার ১৯৭ জন গৃহহীন মানুষের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের হিসাবমতে, এ পর্যন্ত দুই হাজার ৩০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে এক হাজার ৮০০ কম্বলই বিতরণ করা হয়েছে গাবুরা ও পদ্মপুকুরে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই সামান্য।সরেজমিনে গাবুরা ইউনিয়নের চকবারা, পারশেমারি, গাবুরা, চাঁদনিমুখো, খোলপেটুয়া ও পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা ও ঝাপা গ্রামে দেখা গেছে, বিধ্বস্ত বাঁধে অবস্থান নেওয়া কয়েক হাজার পরিবার প্রচণ্ড শীতে দুর্বিষহ জীবন যাপন করছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, শীতে মানুষের কষ্টের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেসরকারিভাবে কিছু করা যায় কি না তারও চেষ্টা চালানো হচ্ছে।ঘূর্ণিঝড় আইলায় হাতিয়ার নিঝুম দ্বীপের ছয় হাজার পরিবার ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে সর্বস্বান্ত হয়েছিল। এখনো প্রায় চার হাজার পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। গত দুই সপ্তাহ ধরে হাড়কাঁপানি শীতে তারা খুবই মানবেতর জীবন যাপন করছে। নিঝুম দ্বীপের সূর্যোদয় গুচ্ছগ্রামের আবুল কাশেম (৫৫), বন্দরটিলার বউবাজার এলাকার বাসিন্দা আলমগীর (৫৫), স্বামীহারা ছকিনা বেগম (৬০) বলেন, কনকনে শীতে তাঁরা খুবই কষ্টে আছেন। বাচ্চাদের সর্দি, কাশি ও জ্বর প্রায় সবার ঘরে।প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন এম জসীম উদ্দীন, বরগুনা; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা এবং মানিক মজুমদার, হাতিয়া (নোয়াখালী)।