শীত নিবারণের সময় অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে শীত নিবারণ করার সময় অগ্নিদগ্ধ হয়ে এরশাদ আলী (৭৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বেতিল খামারগ্রাম মহল্লার বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের প্রতিবেশী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সকালে বৃদ্ধ এরশাদ শীত নিবারণের জন্য আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তাঁর পরনের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন তাঁর পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় পল্লিচিকিৎসক আমান উল্লাহ জানান, এমনিতেই তিনি বয়স্ক এবং দুর্বল ছিলেন। আগুনে তাঁর শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।