শীত পড়ছে পঞ্চগড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত পড়ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। শহরের তুলনায় গ্রামে একটু বেশি শীত অনুভূত হচ্ছে। দ্রুত পাল্টে যাচ্ছে এ জেলার আবহাওয়া। এখানে এখন দিনে গরম ও রাতে শীত। সঙ্গে কুয়াশাও পড়ছে। মাঝেমধ্যে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশিরের কণা।প্রকৃতিতে এখন হেমন্তকাল। গাছে গাছে ফুটছে শিউলি, বকুলসহ নানা ফুল। মাঠে মাঠে বেড়ে উঠছে সবুজ ধান। বিস্তীর্ণ মাঠজুড়ে যেন সবুজ রং ঢেলে দিয়েছে প্রকৃতি। বইছে হিমেলে হাওয়া। সপ্তাহ খানেক ধরে আবহাওয়ার এ পরিবর্তন দেখছে এলাকার মানুষ। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যার পর শান্ত হয়ে আসছে প্রকৃতি। রাতে বইছে ঠান্ডা হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরম কমে যাচ্ছে। শেষ রাতে শীত অনুভূত হচ্ছে। রংপুর আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে দিনে ৩৩ দশমিক ৬ এবং রাতে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।