শীত বাড়ছে, নিউ মার্কেটে বাড়ছে ভিড়
কাগজে–কলমে শীত আসতে আরও তিন দিন বাকি। তবে পৌষ শুরু হওয়ার আগেই বেশ শীত পড়েছে রাজধানীসহ সারা দেশে। দুদিন পর আজ শুক্রবার রাজধানীতে কুয়াশা কমলেও শীতের তীব্রতা বেড়েছে। এর ফলে মানুষজনও ঝুঁকছেন গরম কাপড় কেনাকাটার দিকে।
আজ শুক্রবার দুপুরে নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, শীতের কাপড়ের দোকানগুলোতে লোকজনের ভিড়। নারী-পুরুষ সবাই শীতের কাপড় কিনতে এসেছেন। দোকানিরা ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। আর ক্রেতারা দামাদামি করতে পিছপা হচ্ছেন না।
সাইফুল ইসলাম নামের এক দোকানদার বললেন, ‘তিন দিন ধরে শীতের কাপড় বেশ বিক্রি হচ্ছে। এর মধ্যে আজ শুক্রবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।’
মোহাম্মদপুর থেকে নিউ মার্কেটে বাচ্চার জন্য কানটুপি কিনতে এসেছিলেন গৃহবধূ সেলিনা আক্তার। জানালেন, পাঁচ বছরের ছেলেকে গতবারও একটা কানটুপি কিনে দিয়েছিলেন। কিন্তু এবার আর সেটি খুঁজে পাচ্ছেন না। ফলে আরেকটা কিনতে এসেছেন। এ ছাড়া নিজের ও পরিবারের আরও কয়েকজনের জন্যও শীতের কাপড় কিনবেন।
কেবল নিউ মার্কেটের ভেতরে নয়, বাইরের ফুটপাত, ঢাকা কলেজের উল্টো দিকে হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেটেও একই দৃশ্য দেখা যায়। কয়েকজন বিক্রেতা জানান, হাফহাতা-ফুলহাতা সোয়েটার, জ্যাকেট, কোট, মাফলার, কানটুপি, হাতমোজা এগুলো দেদারসে বিক্রি হচ্ছে। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই এগুলো পাওয়া যাচ্ছে।
দোকানিরা জানালেন, শুধু নিউ মার্কেট নয়, রাজধানীর পোশাকের অন্যতম বড় বাজার বঙ্গবাজারসহ সব জায়গাতেই শীতের কাপড়ের বিক্রি বেড়েছে। তাঁরা আশা করছেন, তাপমাত্রা যত কমবে, বেচাকেনা তত চাঙা হয়ে উঠবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঈশ্বরদীতে এ মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে জানান, এ মাসের শেষে দেশে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে। তখন তাপমাত্রা আরও কমবে।