শীত শেষ হতে না হতেই ভোলায় লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত শেষ হতে না হতেই লোডশেডিং শুরু হয়ে গেছে ভোলায়। জেলার বাসিন্দারা ১৫ দিন ধরে গড়ে চার-পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ও বিদ্যুতের সরবরাহ লাইন সংস্কার না করায় এ সমস্যা হচ্ছে।
বিদ্যুৎ কার্যালয়গুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে আছে। ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রায় ১ লাখ ১০ হাজার গ্রাহক আছেন। আর ওজোপাডিকোর অধীনে ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশনে আছেন ৩৭ হাজার গ্রাহক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে, গ্রাহকের প্রয়োজন মেটাতে ওজোপাডিকোর ১৫ ও পল্লী বিদ্যুৎ সমিতির ২৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। পল্লী বিদ্যুৎ বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের (রেন্টাল) মাধ্যমে ১০ মেগাওয়াট আর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের মাধ্যমে ১৫ মেগাওয়াট সরবরাহ করছে।
রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, কেন্দ্রের পাঁচটি ইউনিটে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে চারটি ইউনিট ১৬ মেগাওয়াট উৎপাদন করছে। আর যে ইউনিটটি ৩৪ মেগাওয়াট উৎপাদন করে, সেটা সংস্কারে গেছে। এপ্রিল নাগাদ তা আবার উৎপাদনে যাবে।
চরফ্যাশন, লালমোহন, ভোলা সদরসহ ভোলার ছয়টি উপজেলার কয়েকজন ব্যবসায়ী বলেন, ১৫ দিন ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না। রাতেও বারবার লোডশেডিং হচ্ছে। দৌলতখান ভবানীপুরের বাসিন্দা প্রভাষক জয়নাল ফরাজি, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মোবাশ্বের হাসান, চরফ্যাশন শরীফপাড়ার শিক্ষক হারুনুর রশিদসহ বলেন, ঘন ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের অবস্থা খারাপ। গরম আসতে না আসতেই দুর্ভোগ চরমে উঠেছে।
সদর উপজেলার গাজীপুর রোডের মশিউর রহমান ও কালীবাড়ি সড়কের কামরুল ইসলাম বলেন, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় পানি আসছে না লাইনে। এখন ডোবা-পুকুরই ভরসা। লালমোহন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তারা জানান, বিদ্যুৎ না থাকায় রোগীদের নানা অসুবিধা হচ্ছে। ঠিকমতো পানিও পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর কয়েকজন প্রকৌশলী বলেন, ভোলায় মোট বিদ্যুতের চাহিদা ৪০ থেকে ৪৫ মেগাওয়াট হলেও বিদ্যুৎ-সংকট হওয়ার কথা নয়। তারপরও দুই বছর ধরে ৮০ শতাংশ গ্রাহক সংকটের মধ্যে আছেন।
গ্রাহকেরা রেফ্রিজারেটর, টেলিভিশন চালানোর পাশাপাশি বিপুল পরিমাণ অটোরিকশার ব্যাটারি চার্জ করতে বিদ্যুৎ ব্যবহার করছেন। এতে ট্রান্সমিটারে বিদ্যুতের লোড বাড়ছে। বিদ্যুৎ লাইনের কেব্লগুলোও (তার) সাবেকি আমলের। চাহিদা বেড়ে যাওয়ায় তারগুলো পুড়ে নষ্ট হয়ে গেলে গ্রাহকের ভোগান্তি বাড়ছে।
ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, ওজোপাডিকো আর পল্লী বিদ্যুৎ সমিতি ৩০ থেকে ৩৫ বছরের পুরোনো সরবরাহ লাইন ও ফিডারে বিদ্যুৎ বিতরণ করছে। এগুলো সংস্কার না করে গ্রাহক বাড়াচ্ছে। তাই পর্যাপ্ত বিদ্যুৎ থাকার পরও লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জেলার ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, রেন্টাল বিদ্যুৎকেন্দ্র হঠাৎ সংস্কারে যাওয়ায় বিদ্যুতের চাহিদা পূরণ করতে সমস্যা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কেফায়েত উল্যাহ বলেন, ভোলার পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভি সরবরাহ লাইন ৩৩ কেভি লাইনে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি চাহিদামতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ জন্য গ্রাহক লোডশেডিংয়ের সমস্যায় পড়েছেন। শিগগিরই এ সমস্যা দূর হবে।