শীত শেষেও অতিথিদের ওড়াউড়ি

শীত শেষে বসন্তের আগমন। অতিথি পাখিরা যাই-যাই করছে, কিছু চলেও গেছে। তবু ভোলায় অতিথি পাখির কমতি নেই। চর ও নদীর তীরে এদের অবাধ বিচরণ। সেই সঙ্গে দেশীয় পাখিরা তো আছেই। অতিথি আর গৃহস্থ মিলেমিশে একাকার।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট তেঁতুলিয়া নদীর তীর। নদীটি দক্ষিণে পটুয়াখালীর গলাচিপা রনগোপালদি হয়ে বুড়াগৌরাঙ্গে শেষ। তারপর আবার সাগরে মিশে গেছে। নদীজুড়ে চর আর চর। চরের নরম মাটিতে লম্বা ঠোঁট ডুবিয়ে খাদ্যকণা খুঁটে খায় পাখির দল। লঞ্চঘাটের সামনে জেগে ওঠা কাঁচা চরের নলখাগড়ার বন দখল করেছে কালোমাথা কাস্তেচড়া আর ছোট-মাঝারি বগার দল।
সরেজমিনে দেখা যায়, নদীতে ডুবসাঁতারে মাছ শিকার করছে কালো রঙের পানকৌড়ি, কালোঠোঁট পানচিল, নদীয়া পানচিল। আকাশে ভাসছে ভুবনচিল, কখনো কখনো ডেকে উঠছে হলদে গাল হট টি টি। ভেদুরিয়া ফেরিঘাটের পশ্চিমে আলিমাবাদ চরে দেখা মেলে একঝাঁক ধূসর মাথা টি টি ও কালোমাথা কাস্তেচড়ার। শামুক ভাঙার কয়েকটি ঝাঁক দেখা গেল চর হোসেনে। এ ছাড়া প্রশান্ত সোনা জিরিয়া, উত্তরীয় লেঞ্জাহাঁস, পান কালালেজ জৌরালি, ইউরেশিও গুলিন্দার মতো হাজারো অতিথি পাখি।
১৯ ফেব্রুয়ারি ভোলার চরফ্যাশন উপজেলার কচ্ছপিয়াঘাট থেকে ট্রলারে উঠলে বুড়াগৌরাঙ্গের দুই তীরে, চর পাতিলা, চর কুকরি-মুকরি ও ঢালচরে দেখা গেল জলচর পাখি আর গৃহপালিত হাঁসের মেলবন্ধন। গাঙচষা, ছোট সরালি, ধলাবুক ডাহুক, ছোট পানকৌড়ি, গোবগা, মালয়ি নিশি বকসহ হরেক রকমের পাখি।
ভোলা অ্যাডভেঞ্চার ক্লাবের আহ্বায়ক এস এম বাহাউদ্দিন বলেন, ভোলার বিলে-ঝিলে, সারা বছর পাখি দেখা যায়। এখানে অর্ধশতাধিক বাগান আছে, যেখানে সারা বছরই বক আর পানকৌড়ির বসবাস।
কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, কুকরিতে সারা বছর পাখি দেখা যায়। এখানে পাখি সংরক্ষণে প্রতি মাসে একবার, বিশেষ করে শীতকালে ঢোল বাজানো হয় পাখি শিকার না করার জন্য। পরিবেশ ও বন উপমন্ত্রী কুকরিতে একটি বার্ড ওয়াচ টাওয়ার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ পাখিশুমারি দলের তথ্যমতে, ১৯৮৭ সাল থেকে বিশ্বের অন্যান্য স্থানের সঙ্গে ভোলায়ও জলচর পাখিশুমারি হচ্ছে। শুমারি দল ২০১২ সালে ভোলার শতাধিক চরে ৬৫ জাতের ৩১ হাজার ৯৬৫টি, ২০১৩ সালে ৬৪ প্রজাতির প্রায় ৩৫ হাজার ৫০০টি, ২০১৪ সালে ৬৬ প্রজাতীর প্রায় ৪৯ হাজার ৯২৫টি এবং চলতি বছরে ৬৫ জাতের ৫৬ হাজার ৫২২টি জলচর পাখি পেয়েছে।
পাখি পর্যবেক্ষক সামিউল জানান, উপকূলের চরাঞ্চল, বন, বাড়িঘর পাখির বিচরণ ও প্রজননক্ষেত্র। ভোলাকে পাখি-পর্যটন এলাকা ঘোষণা দিয়ে এখানে পাখির অভয়াশ্রম তৈরি করা জরুরি।
ভোলা উপকূলীয় বন বিভাগের বন কর্মকর্তা রুহুল আমিন জানান, বার্ড ওয়াচ টাওয়ার করার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটা পাখি পর্যবেক্ষকদের জন্য সুখবর।