রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু হচ্ছে না ক্লাস-পরীক্ষা। ফলে শীতকালীন ছুটি শেষেও ক্যাম্পাসে ফিরছেন না অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমন হোসেন প্রথম আলোকে বলেন, ‘ক্লাস-পরীক্ষা হবে চিন্তা করে গত সোমবারই বাড়ি থেকে ক্যাম্পাসে এসেছি। কিন্তু শিক্ষকদের ধর্মঘটের কারণে ক্লাস হবে না। তাই বন্ধুরাও কেউ আসেনি, হলও ফাঁকা ফাঁকা লাগছে।’
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদী মাহমুদ বলেন, ‘আগামী ২০ জানুয়ারি থেকে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু ধর্মঘটের কারণে পরীক্ষা হবে কি না কিছু বুঝতে পারছি না।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়। এ কারণে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত প্রশাসনিক কাজ বন্ধ থাকে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে ১৪ জানুয়ারি পর্যন্ত।