শীতকালীন সবজি আগাম চাষের ধুম
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে সবজি চাষের ধুম পড়েছে। শীতকালীন শাকসবজি আগাম বাজারে তুলতে পারলেই অধিক টাকা পাওয়া যাবে—এই ধারণা থেকে কৃষকেরা সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলা উত্তরাঞ্চলের শাকসবজি চাষের প্রধান এলাকা হিসেবে পরিচিত। এখানে ব্যাপকভাবে মুলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢ্যাড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক ও পেঁয়াজের চাষ হয়। এ বছর উপজেলার দুই হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হবে। তবে বেসরকারিভাবে লক্ষ্যমাত্রা আরও বেশি।
উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা শীতের সবজির চারা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ সবজির চারা খেতে লাগাচ্ছেন। আবার কেউ কেউ খেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। এ সময় উপজেলার হরিপুর গ্রামের অনেক চাষির সঙ্গে গোলাম রব্বানী (৪৫) নামের এক চাষিকে তাঁর দুই ছেলেকে নিয়ে জমি পরিচর্যা করতে দেখা যায়। তাঁর সঙ্গে একটু কথা বলতে চাইলে কিছুক্ষণ পর তিনি জমির আইলে উঠে এসে জানান, তাঁর দুই বিঘা জমি রয়েছে। পুরো জমিতেই তিনি বিভিন্ন ধরনের শীতের সবজি চাষ করছেন। শ্রমিকের (কামলা) মজুরি বেশি, তাই ছেলেদের নিয়ে খেতে নেমে পড়েছেন।
টেপাগড়ী গ্রমের চাষি একরাম আলী (৪০) জানান, তিনি এবার ২০ শতাংশ জমিতে ফুলকপির চাষ করছেন। শীতের আগে শীতকালীন সবজি বাজারে তোলা হলে তার চাহিদা বেশি থাকে। ফলে সেগুলোর দামও বেশি পাওয়া যায়। তিনি আশা করছেন, শীত আসার আগেই তিনি সবজি বাজারে তুলতে পারবেন। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল প্রথম আলোকে জানান, এ উপজেলার চাষিদের বিশেষ নজর থাকে শীতকালীন সবজির দিকে। এখন চাষিরা কোমর বেঁধে মাঠে নেমেছেন। কে কত ভালো আবাদ করতে পারেন তার প্রতিযোগিতা চলছে। এ মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া সবজি চাষের বিশেষ উপযোগী রয়েছে।