শীতকালীন সবজি আর মুরগির দাম কমেছে
বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সেই সঙ্গে দামও কমতে শুরু করেছে। দাম কমেছে ব্রয়লার মুরগির। দেশি ও লেয়ার মুরগির দাম আগের মতোই রয়েছে। কিন্তু ক্রেতাদের দুর্ভোগ কমেনি। কারণ, ক্রেতাদের কাছ থেকে বাজার ও দোকানভেদে বাড়তি দাম নেওয়া হচ্ছে ঠিকই। গতকাল শনিবার দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, কাছাকাছি দোকানে ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুনসহ বিভিন্ন সবজির দাম কেজিতে পাঁচ-দশ টাকার তারতম্য রয়েছে। খালি চোখে এসব সবজির গুণগত মানে কোনো পার্থক্য ধরা পড়েনি। কিন্তু দোকানির বক্তব্য, ‘জিনিসের কোয়ালিটির (মান) কারণেই দাম বেশি রাখা হচ্ছে। তা ছাড়া আমাদের কেনা দামও বেশি।’ এতে ক্ষিপ্ত হয়ে ক্রেতা মফিজ হোসেন বলেন, ‘মনে হচ্ছে, এগুলো দেশের বাইরে থেকে আনা হয়েছে। এরা সব সময় খেয়ালখুশিমতো দাম চায়।’রিয়াজউদ্দিন বাজারে পাইকারি ও খুচরা দোকানের দূরত্বও খুব বেশি নয়। অথচ প্রায় সময় এখানে খুচরা বাজারে বিভিন্ন দোকানের মধ্যে দামের হেরফের দেখা যায়। গতকাল এখানকার পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হয় ৩২-৩৫ টাকা কেজিতে। বাঁধাকপি ২০-২৫ টাকা, মুলা ২৩-২৫, বেগুন ২৪-২৫, শিম ২০-৩০ টাকা, নতুন আলু ১৮-২২ ও পুরোনো আলু ১২-১৩ টাকা কেজি। খুচরা বাজারে দোকানভেদে ফুলকপির দাম চাওয়া হয় ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৩৫, মুলা ৩০-৪০, বেগুন ৩০-৩৫, শিম ২৫-৪০, গাজর ২৫-৩৫ টাকা কেজি। পাহাড়তলী কাঁচাবাজারের গিয়ে দেখা যায়, মানভেদে তিন ধরনের ফুলকপি বিক্রি হচ্ছে; ভালো, মাঝারি ও কিছুটা নীরস-প্রকৃতির। এক নম্বর ফুলকপির দাম হাঁকা হয় ৪০-৪৫ টাকা। বগুড়া থেকে আনা মাঝারি মানের ফুলকপির দাম ছিল ৩০-৩২ টাকা এবং অন্যটি বিক্রি হয় ২৫-২৭ টাকায়। বাঁধাকপি ১৫-২৫ টাকা, বেগুন ২০-২৫, যশোর থেকে আনা শিম ২৫-৩০ এবং সীতাকুণ্ড এলাকার শিম ৫০-৫৫, মুলা ২০-২৫, হালিশহরে উৎপাদিত টমেটো ৪৫-৫০ এবং যশোরের টমেটো ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। পাহাড়তলী বাজারের দোকানি মো. বেলাল বলেন, ‘শীতের সবজির দাম কমছে। কারণ, বাজারে এখন সরবরাহ প্রচুর। সামনে আরও কমতে পারে।’ শীতকালীন বিভিন্ন শাকের দাম কমেছে আগের তুলনায়। লালশাক বাজারভেদে আঁটি ১৫-২০ টাকা, পালংশাক ১২-১৫, কপিশাক ১০-১৫, মুলাশাক ১২-২০ টাকা দামে বিক্রি হচ্ছে।গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে এ সপ্তাহে। গতকাল রিয়াজউদ্দিন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকা কেজি। পাহাড়তলীতে দাম হাঁকা হয় কেজিপ্রতি ১৩২-১৩৫ টাকা। এ ছাড়া লেয়ার ২৬০-২৮০ ও দেশি মুরগি ৩০০ টাকা।