শীতকালীন সবজি এখনই
বগুড়ার মাঠে মাঠে আগাম শীতকালীন সবজি চাষের ধুম পড়েছে। মাঠে মাঠে কিষান-কিষানিরা ফুলকপি, বাঁধাকপি, শিম, মিষ্টি লাউ, পালং শাক, লালশাক, কলমি শাক, গাজর ও মুলার মতো সবজি আবাদের জন্য কেউ জমি তৈরি করছেন, কেউ বীজ বপন করছেন, কেউ আগাম আবাদ করা সবজিখেত পরিচর্যা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এবার শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার মেট্রিক টন। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এ লক্ষ্যমাত্রা বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, অন্যান্যবারের মতো এবারও সদরের গোকুল, শাখারিয়া ও শেখেরকোলা ইউনিয়নের চাষিরা বিস্তীর্ণ এলাকায় এবং শাজাহানপুর ও গাবতলীতেও আগাম শীতকালীন সবজি চাষ করেছেন। শাজাহানপুরের চান্দেরবাড়ি মাঠে পালং শাকের খেত পরিচর্যা করছিলেন দুরুলিয়া গ্রামের চাষি আজিজার রহমান। তিনি বলেন, ‘১৬ শতক জায়গায় পালং লাগাচি। পাঁচ হাজার টেকা খরচ হচে। বীজ বুনার ৪০ দিনের মাথায় প্রথম দফায় আট হাজার টেকার শাক বেচে দিচি। এখন দ্বিতীয় দফায় লাগানো চারা নিড়ানি দিচ্চি।’ সদরের গোকুল এলাকার চাষি ওসমান আলী বলেন, ‘এক বিঘা জমিত ফুলকপি, বাঁধাকপি ও শিম আবাদ করিচি। দুই-এক সপ্তাহের মধ্যে খেতের আবাদ বাজারে তুলতে পারব।’ সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, এবার শুধু সদরেই এক হাজার ২৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে। এ শাকসবজি চাষ খুবই লাভজনক।