শীতকালীন সবজিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি
ঠাকুরগাঁওয়ে এবার শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। এসব মৌসুমি সবজির দামও ভালো পেয়ে খুশি কৃষকেরাও। এ বছর জেলায় খরিপ-২ মৌসুমে (বর্ষা শেষে পানি কমে যাওয়ার পরপরই শুরু হয়ে শীতের স্বাভাবিক আবাদ শুরুর আগ পর্যন্ত এ মৌসুম চলে) ৪ হাজার ২৫৪ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সরেজমিনে গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব খেত শীতকালীন সবজিতে ভরপুর। কৃষক ও শ্রমিকেরা খেত থেকে সবজি তুলে সড়কের পাশে স্তূপ করছেন। সেখান থেকেই পাইকারেরা তা কিনে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে।
ইয়াকুবপুর গ্রামের কৃষক অনন্ত রায় বলেন, ‘এ বছর এক একর জমিতে পালং ও লালশাক লাগিয়েছি। খরচ পড়েছে প্রায় এক লাখ টাকা। এ পর্যন্ত বিক্রি করে ৯০ হাজার টাকা পেয়েছি। খেতে যে পরিমাণ শাক আছে তা বিক্রি করে আরও লাখ খানেক টাকা পাওয়া যাবে।’
মুন্সিগঞ্জের সবজি ব্যবসায়ী ইউনুস আলী বলেন, তিনি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করলা কিনে ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেছেন। ঢাকার বাজারে ১০০ মণ করলা বিক্রি করে ১০ থেকে ১৫ হাজার টাকা লাভ হয়।
চামেশ্বরী গ্রামের মেহেদী আহসান উল্লাহ সাত বিঘা জমিতে করলার আবাদ করেছেন। এতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। এ পর্যন্ত তিনি পাঁচ লাখ টাকার ওপরে করলা বিক্রি করেছেন। তাঁর উৎপাদিত করলা এক এজেন্সির মাধ্যমে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, হংকংসহ সাতটি দেশে রপ্তানি হচ্ছে বলে জানান তিনি।
বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের পাশের ভানোর গ্রামে ফুলকপি ও বেগুন কিনতে আসা পাইকার আবদুল আউয়াল বলেন, কৃষকদের কাছ থেকে প্রতি মণ ফুলকপি তিনি ৭৬০ টাকা দরে কিনেছেন। যশোরের বাজারে এক মণ ফুলকপি ১ হাজার থেকে ১ হাজার ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে এক ট্রাক (৪০০ মণ) করলা বিক্রি করে কমপক্ষে ৩০ হাজার টাকা হাতে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক আরশেদ আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সবজির খুব ভালো ফলন হয়েছে।