শীতকে বিদায় জানাল মৌসুমি বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর আকাশ মেঘলা আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে হিমেল হাওয়ার দাপট। গতকাল রোববার দেশজুড়ে তিন ঋতুর আবহ একসঙ্গে ধরা দিল। শীত, বর্ষা আর বসন্ত মিলেমিশে একাকার হয়েছিল। আবহাওয়াবিদেরা বলছেন, শীতকে বিদায় জানাতেই পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টি। এমন বৃষ্টি এ সময়ের জন্য স্বাভাবিক এবং কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য বিশেষ উপকারী।তবে বাংলার প্রকৃতিতে ঋতুচক্রের পালাবদলের এ খেলায় মানুষের ভোগান্তিও কিছুটা বেড়েছিল। বৃষ্টি কম হলেও প্রস্তুতি নিয়ে বাইরে বের না হওয়ায় অনেককে ভিজতে হয়েছে। রাস্তায় কাদা-পানির মাখামাখি নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। বৃষ্টির কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায়ও নানা বিভ্রাট দেখা দেয়। আবহাওয়াবিদেরা বলেছেন, বাংলা পঞ্জিকার হিসাবে বসন্ত শুরু হয়ে গেলেও ঋতুচক্রের পালাবদলে শীতের বিদায় হয় পশ্চিমা লঘুচাপের মধ্য দিয়ে। গতকাল তেমন একটি লঘুচাপ ভারতের বিহার ও উত্তর প্রদেশের ওপর বিস্তৃত হয়ে তুমুল বৃষ্টিপাত ঘটিয়েছে। এর প্রভাবে গতকাল বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও গুঁড়ি গুঁড়ি এবং দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে। বাতাসও বয়েছে ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে। পশ্চিমা লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়েছে। আকাশেও মেঘ জমেছে। এ কারণে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। আজ সোমবারও দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রায় প্রতিবছর শীত বিদায় নেওয়ার আগে পশ্চিমা লঘুচাপের কারণে হালকা বৃষ্টি হয়। এতে বোঝা যায়, আর শৈত্যপ্রবাহ হবে না। তাপমাত্রাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আজ-কালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হবে।আবহাওয়া অধিদপ্তর গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে সৈয়দপুরে—১০ মিলিমিটার। এ ছাড়া রংপুরে নয়, দিনাজপুরে আট, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় এক মিলিমিটার করে এবং রাজধানী ঢাকা ও ময়মনসিংহে এক মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।