শীতকেও দুর্যোগ হিসেবে দেখতে হবে
গত ৫০ বছরের শীতকালীন তাপমাত্রা পর্যালোচনা করে দেখা গেছে, ২০ থেকে ৩০ বছর ধরে এ দেশে শৈত্যপ্রবাহের দিনসংখ্যা বাড়ছে। সর্বনিম্ন তাপমাত্রাও কমছে।১৯৬০ সালের দিকে পুরো শীত মৌসুমে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ আসত। সত্তর থেকে আশির দশকে এসে তা তিন থেকে চারটিতে দাঁড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পাঁচ থেকে সাতটি শৈত্যপ্রবাহ আসতে দেখা যাচ্ছে। আবার আগে একেকটি শৈত্যপ্রবাহ মাত্র এক থেকে দুই দিন থাকত। এখন তা তিন থেকে পাঁচ দিন স্থায়ী হচ্ছে।দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলে টানা পাঁচ থেকে সাত দিন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এ পরিস্থিতি দেশের কৃষির জন্যও হুমকি। কেননা, এ তাপমাত্রায় একমাত্র গম ও শীতকালীন কিছু সবজি ছাড়া দেশের বেশির ভাগ ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে বোরো ধান ও আলুর জন্য তা অশনিসংকেতই বয়ে আনছে। দেশের কৃষিবিজ্ঞানীরা লবণাক্ততা, খরা ও বন্যাসহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করেছেন। কিন্তু শীতসহিষ্ণু ধান ও অন্য ফসল নিয়ে গবেষণা হয়নি।জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করা এক গবেষণায় আমরা দেখতে পেয়েছি, শীতকালে রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায়। কেননা, এ সময়টায় বাতাসের গতিবেগ কম থাকায় ভারী পদার্থকণা স্থির অবস্থায় থাকে। ঢাকায় ধুলা ও জলীয়বাষ্প মিলে যে কুয়াশা তৈরি হয়, তার মধ্যে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক পদার্থ পলি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের (পিএএইচ) পরিমাণ মানমাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। যেমন: বাংলাদেশের বাতাসে এ ভারী বস্তুটির পরিমাণ ২৪ ঘণ্টায় প্রতি কিউবিক মিটারে ১৫০ মাইক্রোগ্রাম থাকার কথা। কিন্তু আমরা পেয়েছি আড়াই শতাধিক। দিনের চেয়ে এটি রাতে বেশি পাওয়া গেছে। এ পদার্থটি মানুষের শরীরে ক্যানসারের মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। সাধারণত মোটরযানে ব্যবহূত নিম্নমানের তেল, ইটভাটা ও সিমেন্ট কারখানা থেকে পিএএইচ বাতাসে আসে। রাজধানীর উত্তর পাশে এর পরিমাণ বেশি পাওয়া গেছে। আশুলিয়া, গাজীপুর ও সাভারের ইটভাটাগুলোর কারণে ওই এলাকার বাতাসে পিএএইচ বেশি বলে মনে হচ্ছে। সব মিলিয়ে শৈত্যপ্রবাহ শুধু শীতজনিত রোগে মানুষের মৃত্যুই ঘটাচ্ছে না, তা দীর্ঘ মেয়াদে আমাদের কৃষি ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে হাজির হচ্ছে। ফলে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসকে যেমন দুর্যোগ হিসেবে বিবেচনা করে আমরা নানা প্রস্তুতি নিই, প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি, শীতকেও সেভাবে বিবেচনা করতে হবে। ড. মাফিজুর রহমান: অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।