শীতজনিত কারণে তিন জেলায় ১২ জনের মৃত্যু
শীতজনিত কারণে দেশের তিনটি জেলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সাতজন এবং গত বৃহস্পতিবার টাঙ্গাইলে চারজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শীতজনিত কারণে মারা যাওয়া ব্যক্তিরা হলেন: সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের ইব্রাহিম খাঁ (৬৫), সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের শহর আলী (৫০), নাসিরনগর উপজেলার আতুকোড়া গ্রামের আনোয়ারা বেগম (৬৩), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের সাহেরা বেগম (৮০), আখাউড়া উপজেলার রানীখাঁর গ্রামের গণি মিয়া (৯৮), নুরপুর গ্রামের জয়দুল হোসেন ভূঁইয়া (৯০) এবং ভাটামাথা গ্রামের বাজার কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রশিদ মিয়া (৬০)। টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন তালুকদার জানান, বৃহস্পতিবার শীতজনিত কারণে ইউনিয়নে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: ঘোনাপাড়া গ্রামের আবদুর রহমান (৬২) ও মুকছেদ আলী (৬৫) এবং ফতেপুর গ্রামের গোলাপী বেগম (৬৫)। এ ছাড়া ওয়ার্শী ইউনিয়নের রোয়াইল গ্রামে মজিবর রহমান নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার রাতে সিলেটের বালাগঞ্জ উপজেলার বড় ইসবপুর গ্রামে শীতজনিত কারণে মরম উল্যা (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ব্রাহ্মণবাড়িয়া, মির্জাপুর (টাঙ্গাইল) ও বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি)