শীতজনিত কারণে বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু
সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এতে দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ। তীব্র শীতে গত তিন দিনে বিভিন্ন স্থানে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: গত সোমবার রাতে ভাঙ্গা বাজারের নরসুন্দর সদরদীর ছিলধরচর গ্রামের হরিপদ বর্মণ (৫৫) বাড়ি ফেরার পথে মারা যান। পরদিন রাতে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের সাতরশি বাজার-সংলগ্ন আটরশি কালীখোলার হরিদাসী সূত্রধর (৭২) শীতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।সিরাজগঞ্জ: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে চিকিত্সাধীন পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার জয়গন বেগম জুলেখা (৪০) গত মঙ্গলবার সকালে মারা গেছেন। এ নিয়ে সিরাজগঞ্জে শীতে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।আদমদীঘি (বগুড়া): গত সোমবার রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় হরিদাস (৮৫) শীতজনিত রোগে মারা গেছেন বলে পারিবারিকভাবে নিশ্চিত করা হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবগঠিত বিজয়নগর থানার চম্পকনগর ইউনিয়নে জমিতে ধানের চারা লাগানোর সময় প্রচণ্ড ঠান্ডায় গতকাল বুধবার দুপুরে রামচন্দ্রপুর এলাকার চানগেরাগাঁও গ্রামের বাসিন্দা মো. ফরিদ মিয়া (৪২) মারা গেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ গ্রামের বাসিন্দা তুফানি মিয়া (৪৮)) ‘কোল্ড স্ট্রোকে’ আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মঙ্গলবার ভোরে হাইল হাওরে বোরো খেতে কাজ করার সময় কনকনে ঠান্ডায় হঠাত্ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় একটি ক্লিনিকে তাঁর মৃত্যু হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): তীব্র শীতে গত সোমবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়ার হতদরিদ্র দিনমজুর মো. ইনু মিয়া (৬০) মারা গেছেন। মাধবপুর (হবিগঞ্জ): তীব্র শীতে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য জলফু মিয়া (৫৫) মারা গেছেন। গত সোমবার দিবাগত রাতে তিনি স্থানীয় শাহপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁর মৃত্যু হয়।