শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা বাড়ছে। গত আট দিনের ব্যবধানে প্রায় তিন শ রোগী ভর্তি হয়েছে। যেখানে শয্যাসংখ্যা ৭২টি। ভর্তি হওয়া এসব রোগীর মধ্যে গত আট দিনে নয় শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, শীতে তাদের মৃত্যু হয়নি। নিউমোনিয়া, অপরিপক্ব ও কম ওজনের নবজাতক এবং জন্মের সময় মস্তিষ্কে আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, শিশু ওয়ার্ডে সপ্তাহে নবজাতকসহ শিশুর স্বাভাবিক মৃত্যুর হার সাত থেকে আটজন। সেখানে শীতেও মৃত্যুর হার একই রকম রয়েছে। তবে অন্যান্য সময়ের চেয়ে শীতজনিত কারণে শিশু রোগী প্রতিবছরের মতো এবারও বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, দুটি ওয়ার্ডেই চিকিৎসাসেবা পেতে শিশুর স্বজনেরা ভিড় করছেন। প্রতি শয্যায় মায়েরা স্বজনদের নিয়ে বসে আছেন। কোনো শয্যায় দুজন, কোথাও তিনজন। মেঝেতেও বসে আছেন কেউ কেউ।
শিশু বিভাগ সূত্র জানায়, দুটি শিশু ওয়ার্ডে ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শিশু রোগী ভর্তি হয়েছে শয্যাসংখ্যার চার গুণেরও বেশি, ২৯৪ জন। যাদের বয়স এক দিন থেকে তিন বছর পর্যন্ত। শীতের আগে এই ওয়ার্ডে এভাবে এত রোগী থাকতে দেখা যায়নি বলে চিকিৎসক ও নার্সরা জানালেন। শীত যতই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে।
জেলার গঙ্গাচড়ার মহিপুর এলাকা থেকে অসুস্থ দুই শিশুসন্তানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনেরা। গত বুধবার সকালে ভর্তি করা হয় শিশু দুটিকে। এর মধ্যে এক সন্তান আলাল (সাত মাস) ওই রাতেই মারা যায়। শিশুর নানি বুলবুলি বেগম বলেন, ‘দুইটা ছইললোক (সন্তান) একে সাথে ভর্তি করাছি। কিন্তু একটা ছইল মরি গেল।’
হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে নবজাতকেরা শ্বাসকষ্টে ভুগে থাকে। এ সময় তাদের উষ্ণতার প্রয়োজন হয়। কিন্তু সে অনুযায়ী তারা উষ্ণতা পায় না বলে তাদের মৃত্যু হয়।
শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান বিকাশ মজুমদার প্রথম আলোকে বলেন, শীতকালে সাধারণত শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও হাঁপানি দেখা দেয়। এ ছাড়া নবজাতকের ক্ষেত্রে অপরিপক্ব ও কম ওজনের শিশুও ভর্তি হয়ে থাকে। তিনি আরও বলেন, গত আট দিনের ব্যবধানে নয় শিশু মারা যাওয়ার মধ্যে মাত্র একজন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যরা অপরিপক্ব ও কম ওজনের ছিল।