শীতজনিত রোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এর পাশাপাশি শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুড়িগ্রাম: জেলা আবহাওয়া কার্যালয় জানায়, কুড়িগ্রাম ও তার আশপাশের এলাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, তাপমাত্রা আরও কমতে পারে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদী অববাহিকার চার শতাধিক চর ও দ্বীপচরের মানুষ। কনকনে হিমেল হাওয়ায় রাস্তায় লোক চলাচল অন্য দিনের তুলনায় কম ছিল। শহরের ঘোষপাড়া, কলেজ রোড, শহীদ মিনার ও পুরোনো শহরে নছর উদ্দিন মার্কেটে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা শীতের পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন। শহরের সওদাগরপাড়া এলাকার হনফা বেওয়া বলেন, ‘শ‌িতোত ছাওয়া-পাওয়া নিয়া ঘরের বাই‌েও যাওয়া কঠিন হয়া গেইছে। গরিব মানুষ, গরম কাপড় কোটে পাই?’

জেলার কৃষকেরা বোরো আবাদের প্রস্তুতি নিলেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় মাঠে যেতে পারছেন না। এতে বোরো চাষ বিলম্ব হওয়ার আশঙ্কা করছেন অনেকে। কুড়িগ্রাম সদরের শুলকুর বাজার সেতু এলাকার কৃষিশ্রমিক হযরত আলী বলেন, ‘ঠান্ডাত থাকা যায় না। হুহু করি বাতাস আসি হাড্ডিত নাগে।’ ঠান্ডায় নাগেশ্বরীতে শীতজনিত গামব্রো ও রানীক্ষেত রোগে পাঁচ হাজার মুরগি মারা গেছে। কয়েক হাজার ব্রয়লার মুরগি মরে গেছে। শীতে আগাম জাতের আলু ও ধানের চারায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। কৃষি বিভাগ কৃষকদের বীজতলায় সম্পূরক সেচ ও ওষুধ ছিটানোর পরামর্শ দিচ্ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, তীব্র শীতে হাইপার টেনশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। হাসপাতালের ডায়রিয়া ও শিশু বিভাগে মোট ৫১ জন শিশু ভর্তি রয়েছে। শনিবার বহির্বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা নিয়েছে।

রাজশাহী: মাঘের শুরুতে হঠাৎ বৃষ্টিতে নামা শীতে নাজেহাল হয়ে পড়েছে রাজশাহী অঞ্চলের মানুষ। রাজশাহীতে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল কুয়াশা কাটিয়ে মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও জেঁকে বসেছে শীত। শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কাতর হয়ে পড়েছে। শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নিম্ন ও মধ্যবিত্তরা ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণও শুরু হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাজশাহী ও সৈয়দপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ রেকর্ড করা হয়েছে। এর আগে ১৭ জানুয়ারি শ্রীমঙ্গল ও বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত মঙ্গলবার ও বুধবার রাজশাহীতে বৃষ্টি হয়।

নাটোর: শুক্রবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত নাটোরের আকাশে সূর্য দেখা যায়নি। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি। তবে শহরের মসজিদ মার্কেট ও তার আশপাশের পুরোনো কাপড় বিক্রেতাদের দোকানে ছিল মানুষের ভিড়।

শহরের কানাইখালী এলাকার রিকশাচালক হাসান আলী বলেন, ‘আমরা উভয়সংকটে পড়িছি। পেটের কষ্ট থাকি বাঁচার জন্য রিকশা চালাতে গেলে সর্দি-কাশিতে ভুগছি। আবার রিকশা না চালালে ছেলেপুলে লিয়া না খায়ে থাকতে হচ্ছে।’ একই অবস্থা কৃষিশ্রমিকদের। এখন ধান রোপণের ভরা মৌসুম হওয়ায় গৃহস্থরা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের মাঠে পাঠাচ্ছেন। আবার কাদাপানিতে কৃষিকাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন।

সদর উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, সরকারিভাবে কিছু সহযোগিতা করা হলেও এই জেলায় বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ খুবই কম। তিনি এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রায়গঞ্জ(সিরাজগঞ্জ): উপজেলায় তিন দিন পরে গতকাল শনিবার সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা আরও বেড়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, শীতের তীব্রতা বাড়ায় নানা বয়সী মানুষ নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে আসছে। চিকিৎসা কর্মকর্তা মঞ্জুর বলেন, গতকাল দেখা গেছে যে হাসপাতালে ভর্তি আছে ১৭ জন রোগী। তাদের মধ্যে ১৪ জন নিউমোনিয়া ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ডায়রিয়ার রোগী আছে দুজন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা নিত্য গোপাল চৌধুরী বলেন, শীতে শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলেই রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে।