শীতজনিত রোগে এক সপ্তাহে ১২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে এসব রোগে অন্তত ১২ শিশু সদর হাসপাতালে মারা গেছে।কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম জানান, গত তিন দিনে ডায়রিয়ায় দুটি এবং এক সপ্তাহে নিউমোনিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে ১০টি শিশু মারা গেছে। এসব শিশুর বয়স এক থেকে তিন দিন। সবাই দরিদ্র পরিবারের সন্তান।জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আখের আলী জানান, মঙ্গলবার ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ১০৫টি শিশু ভর্তি করা হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৩১ এবং নিউমোনিয়াসহ অন্য রোগে আক্রান্ত ২১টি শিশু ভর্তি করা হয়েছে। এ ছাড়া উপজেলা হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত ৪৪টি এবং শীতজনিত রোগে আক্রান্ত নয়টি শিশু ভর্তি করা হয়। গত ২১ দিনে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত ৬৭৫ এবং নিউমোনিয়ায় আক্রান্ত ১৩৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সিভিল সার্জন লোকমান হাকিম জানান, শীতের প্রকোপ বাড়ায় রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া বেড়ে গেছে।