শীতজনিত রোগে দুই কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: উপজেলার বাচামারা গ্রামের সন্তোষ শেখের ছেলে আবদুল মালেক শেখ (৪০) এবং মিরপুর গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে আয়নাল মোল্লা (৪৮)। তাঁরা দুজনই পেশায় কৃষক ছিলেন। স্থানীয় বাচামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ সরকার ও চকমিরপুর ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সারা দেশের মতো কয়েক দিন ধরে মানিকগঞ্জেও শীতের প্রকোপ চলছে। কনকনে হাওয়া ও তীব্র শীতের পাশাপাশি গতকাল বুধবার সারা দিন সূর্যের দেখা মেলেনি।