শীতজনিত রোগে পানের বরজের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বিঘা জমিতে পানের বরজ আছে হুমায়ুন শেখের (৪০)। গত বছর তিনি ওই বরজ থেকে প্রায় দেড় লাখ টাকা আয় করেছিলেন। এবার এক লাখ ৮০ হাজার টাকা আয়ের আশা ছিল। কিন্তু তীব্র শীত ও ঘন কুয়াশায় সৃষ্ট রোগে তাঁর বরজের সব পান ঝরে পড়েছে। সামান্য কিছু পান আছে, তা-ও পেকে যাচ্ছে।যশোরের অভয়নগর উপজেলার বিভাগ্দী গ্রামের এই পানচাষি এখন রীতিমতো হতাশ। একই কারণে হুমায়ুন শেখের মতো উপজেলার অনেক পানচাষি হতোদ্যম হয়ে পড়েছেন।উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস প্রথম আলোকে জানান, তীব্র শীত ও ঘন কুয়াশায় উপজেলায় ব্যাপক হারে পান ঝরে গেছে।কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় ৪৪৫ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশায় সৃষ্ট ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানচাষিরা জানান, জানুয়ারিতে তীব্র শীত ও ঘন কুয়াশায় প্রথমে পান পাকতে শুরু করে। এরপর কাঁচা পানও ঝরে পড়ে। অবস্থা এতটাই খারাপ যে পান ঝরে পড়ায় অনেক পানের বরজে পানগাছও মরে যাচ্ছে। ১৯৮৮ সালের পর এত বড় বিপর্যয়ের মুখে তাঁরা পড়েননি বলে জানান।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, শীতের কারণে বেশ কিছু পানের বরজ আক্রান্ত হয়েছে। চাষিদের পিআরএইচ নামের একপ্রকার হরমোন পানের বরজে ছিটানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ওই হরমোন ব্যবহার করে তাঁরা সুফলও পাচ্ছেন।