শীতজনিত শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রাদুর্ভাব
চুয়াডাঙ্গায় শীতজনিত রোগ শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ কারণে গত এক মাসে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মাহবুব হোসেন জানান, এ বছর শীতের শুরুতেই শীতজনিত রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিশুদের অধিকহারে নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট ও রোটা ভাইরাস সংক্রমিত ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। প্রতিদিনই হাসপাতালের শয্যাসংখ্যার তুলনায় দুই থেকে তিনগুণ রোগী চিকিৎসা নিতে আসছে। গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ১৩টি শয্যার শিশু ওয়ার্ডে ৩৮ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ওয়ার্ডের ১৮ শিশু ডায়রিয়ায় আক্রান্ত, অন্যরা শাসকষ্টে ভুগছে। অভিভাবক রাহিমা বেগম বলেন, ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জন্য আলাদা কক্ষ না থাকায় অন্য রোগে আক্রান্ত শিশুরা এ হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে। কুলসুম বেগম বলেন, হাসপাতাল থেকে কলেরা স্যালাইন সরবরাহ না থাকায় বাইরে থেকে উচ্চমূল্যে কিনতে হচ্ছে। একই ধরনের অভিযোগ করেন ডায়রিয়ার চিকিৎসা নিতে আসা অন্য শিশুর অভিভাবকেরাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক মাসে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ শিশু মারা গেছে। কর্তব্যরত সহকারী সার্জন এহসানুল হক জানান, চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছে তাদের মধ্যে কয়েক শিশু নির্দিষ্ট সময়ের আগেই ভূমিষ্ঠ হওয়ায় দেহের রোগপ্রতিরোধ ক্ষমতাও ছিল কম। এ কারণে চিকিৎসা দিয়েও লাভ হয়নি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আলী হোসেন জানান, হাসপাতালের ভান্ডারে ডায়রিয়ার ৩০ ব্যাগ স্যালাইন মজুদ আছে। চাহিদা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডে বণ্টন করা হবে।