শীতবস্ত্র পেল ১৬৫ শিশু
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল বুধবার মাদারীপুর সদর উপজেলায় ১৬৫ জন দরিদ্র শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল ও উত্তর বাহাদুরপুর গ্রামে গতকাল সকালে ১৬৫ শিশুকে সোয়েটার দেওয়া হয়। এ সময় বন্ধুসভার সভাপতি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান জুলিয়া, সদস্য রুবেল মাতব্বর, মিলন মুন্সী, আসদ খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।সোয়েটার হাতে পেয়ে উত্তর বাহাদুরপুর গ্রামের শিশু রকিবুল বলে, ‘এত সুন্দর সোয়েটার আগে কখনো গায়ে দেইনি।’ দক্ষিণ বিরাঙ্গল গ্রামের রাণী আক্তার বলে, ‘এই শীতের জামা খুবই সুন্দর। আগামী বছরও শীতে পরতে পারব।’এদিকে গতকাল পর্যন্ত প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে জমা পড়েছে ২২ লাখ ১০ হাজার ১৪০ টাকা। এই টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৫ হাজার ৩১৬ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।