শীতবস্ত্র পেলেন আরও ১৫০ জন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল মঙ্গলবার পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি বাজার এলাকায় ১৫০ জন হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জনকণ্ঠ-এর নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, ইত্তেফাক-এর ভ্রাম্যমাণ সংবাদদাতা আমিরুল ইসলাম, সমকাল-এর বাউফল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে সহায়তা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।এদিকে দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত ত্রাণ তহবিলে জমা পড়েছে ২২ লাখ ১০ হাজার ১৪০ টাকা। এই টাকায় কম্বল কিনে দেশের বিভিন্ন এলাকায় বিতরণের জন্য পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১৫ হাজার ১৫১ জনকে কম্বল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।