শীতবস্ত্র পেলেন দুই জেলার আরও ৯৫ জন

প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গতকাল শুক্রবার লালমনিরহাট সদর উপজেলায় গরিব শীতার্ত ৪৫ জনকে গরম কাপড় এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৫০ জন আদিবাসী নারীর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে গতকাল সকাল ১০টার দিকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মোগলহাট ইউনিয়নের মেঘারাম, ইটাপোতা, বুমকা ও খারুয়া চর গ্রামের ৪৫ জন শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড সদস্য শুকুর উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি জাহেদুল ইসলাম, ফজর আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উলের তৈরি সোয়েটার হাতে পেয়ে ইটাপোতা গ্রামের তোতা মিয়া (৬০) বলেন, ‘এইটা আর কয়টা দিন আগে পাইলে এবার জারটা আরামে কাটত। আল্লায় বাঁচায়া রাখলে সামনের জারে গায় দিবার পামু।’
এদিকে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের আদিবাসী পিল্লতে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে গ্রামের শ্রীশ্রী রাধামাধব মন্দির চত্বরে ৫০ নারীর হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। এ সময় বন্ধুসভার সহসভাপতি রাহিমা খাতুন, সদস্য মাহমুদ আল জান্নাত ও মাহমুদ আল আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে শতবর্ষী ভুলি দাসী বলেন, ‘জাড়ের ঠ্যালায় এ্যাদ্দিন খুপই কষ্ট হচ্ছিল। এবার জাড় বাপ বাপ কইরে পালাবেনে।’