শীতবস্ত্র পেলেন ২৮৯ জন দরিদ্র শীতার্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলায় গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । প্রথম আলো
নেত্রকোনার পূর্বধলায় গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয় । প্রথম আলো

‘শীতের মাদ্যে খুব কষ্টে আসলাম। পত্রিকা থাইক্যা কম্বল পাইয়া খুব ভালা হইছে। অহন একটু আরামে ঘুমানি যাইব।’ গতকাল রোববার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাগলাকান্দা গ্রামের জহুরা খাতুন (৬০) প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১১৪ জন দরিদ্র শীতার্ত এবং গত শনিবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৭৫ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল উপজেলার ১০০ দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১১৪ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। দুপুরে পূর্বধলা ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মো. হেলাল উদ্দিন, পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান, উপাধ্যক্ষ আনোয়ারুল হকসহ বন্ধুসভার সদস্যরা।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শনিবার দিনাজপুরের ঘোড়াঘাটে এলাকার ৭৫ জন দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে রানীগঞ্জ আদর্শ প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তবিবুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমান প্রমুখ।
সিরাজগঞ্জে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে উপজেলার তিনটি গ্রামের শীতার্ত ১০০ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান ও বাঁশাইল গ্রামের ২৫ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পরে বেলা দুইটার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের ৭৫ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, মাফলার ও চাদর বিতরণ করা হয়। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা এসব শীতবস্ত্র সংগ্রহ করেন। বিতরণকাজে অংশ নেন ওঁরাও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যোগেন্দ্রনাথ ওঁরাও, কোষাধ্যক্ষ নিখিল চন্দ্র ওঁরাও, রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য ওমর ফারুক, নলছিয়া গ্রামের জামাল হোসেন ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম।
[প্রতিবেদন পাঠিয়েছেন পূর্বধলা (নেত্রকোনা), বিরামপুর (দিনাজপুর) ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি]