শীতবস্ত্র পেলেন ৬৫৪ জন
ঘন কুয়াশা আর তীব্র শীতে কাঁপছিলেন ষাটোর্ধ্ব রবিরন বেওয়া। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা তাঁর গায়ে একটি কম্বল জড়িয়ে দিলে কেঁদে ফেলেন তিনি। চোখের পানি মুছতে মুছতে রবিরন বলেন, ‘বাবারা, তোমরা বাঁইচা থাকো, আইজ একটু শান্তিতে ঘুমাইতে পারুম।’জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাপল্লী গ্রামের বাসিন্দা রবিরন। গত সোমবার প্রথম আলোর উদ্যোগে উপজেলার নাছের উদ্দিন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মাঠে রবিরনসহ ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। একই দিন গোপালগঞ্জ সদর উপজেলা ও গতকাল মঙ্গলবার রংপুরের কাউনিয়ায় প্রথম আলোর উদ্যোগে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণে সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সরিষাবাড়ী: সোমবার সকালে নাছের উদ্দিন কিন্ডারগার্টেনের মাঠে কোনাবাড়ী, খাগুরিয়া, সেংগুয়া, হিরণ্যবাড়ী, শুয়াকৈর, হেলেঞ্চাবাড়ী, মূলবাড়ী, শিমলাবাজার, আরামনগর বাজার ও ইজারাপাড়া গ্রামের গরিব মানুষের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন ওই বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র সূত্রধর, প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম ও সাংবাদিক আবুল হোসেন। এ সময় সরিষাবাড়ী বন্ধুসভার সভাপতি মোস্তাকিম বিল্লাহ, সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া, রাইসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ: সকাল সাড়ে ১০টায় সদর উপজেলায় থানা মাঠে ৪০, কালীবাড়ী মোড়ে ১০ ও কলেজ মসজিদ মোড়ে ৪০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় আবদুর রহমান খান, রবীন্দ্রনাথ অধিকারী, চৌধুরী হাসান মাহমুদ, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।কাউনিয়া (রংপুর): গতকাল বিকেলে কাউনিয়া বালিকা বিদ্যালয় মাঠে উপজেলার টেপামধুপুর ও বালাপাড়া ইউনিয়নের ৪৬৪ জন শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকার আশুলিয়ার ব্যান্ডবক্স লিমিটেড এসব শীতবস্ত্র বিতরণের জন্য প্রথম আলোর রংপুর কার্যালয়ে পাঠায়। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা তালুকদার, বালিকা বিদ্যালেয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, বন্ধুসভার মনিরুল ইসলাম, সফিকুল ইসলাম, নিরঞ্জন সিংহ, সাজু, শামীম, রাজু, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।