রংপুর ও পাবনার ঈশ্বরদী উপজেলায় টানা হরতাল-অবরোধে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে পারছে না। এ ছাড়া এসব এলাকার গরম কাপড় ব্যবসায়ীরাও বাইরে থেকে শীতবস্ত্র ঠিকমতো আনতে পারছেন না। এতে এসব এলাকার হতদরিদ্র মানুষকে তীব্র শীতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
রংপুর জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন দপ্তর সূত্র জানায়, অবরোধের কারণে ঢাকা থেকে রংপুরের শীতার্ত মানুষের জন্য বরাদ্দ কম্বলও নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংস্থা ও বেসরকারি উদ্যোগে এ অঞ্চলের প্রতিবছর যে কম্বল বিতরণ করা হয়, অবরোধে তারাও ঢাকা থেকে শীতবস্ত্র এনে বিতরণ করতে পারছে না।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রংপুরে শীতের তীব্রতা বেড়েছে। সূর্যের দেখাও নেই। এতে দুঃস্থ-অসহায় মানুষ কাহিল হয়ে পড়ছে। টানা অবরোধে শ্রমজীবী মানুষের অবস্থা খুবই খারাপ। শীতে তাঁরা আরও অসহায় হয়ে পড়েছেন।
গতকাল সরেজমিনে দেখা যায়, শহরের সুরভি উদ্যানের সামনের ফুটপাতের দোকানগুলোতে অনেকে গরম কাপড় খুঁজছেন। কিন্তু দাম বেশি হওয়ায় অনেকে গরম কাপড় কিনতে পারছেন না। এ সময় কথা হয় শহরের সিওবাজারের রিকশাচালক রেজাউল ইসলামের সঙ্গে। তিনি জানান, তাঁর দুই শিশুসন্তানের জন্য তিনি গরম কাপড় কিনতে এসেছিলেন। কিন্তু দাম বেশি হওয়ায় তিনি তা কিনতে পারেননি। এখন বেশি দাম দিয়ে কাপড় কিনতে গেলে পেটে আর ভাত জুটবে না।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘অবরোধের কারণে গরম কাপড়ের আমদানি নেই। আমরাও ব্যবসা করতে পারলাম না।’
জেলা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানান, আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম জানান, জেলায় এ পর্যন্ত মাত্র ছয় হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। ৪০ হাজার কম্বল চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা ঢাকায় পাঠানো হয়েছে। প্রায় সাত হাজার কম্বল মিলেছে। কিন্তু হরতাল-অবরোধে তা আনা সম্ভব হচ্ছে না।
এদিকে প্রচণ্ড শীতে কাঁপছে পাবনার ঈশ্বরদীর শীতার্ত মানুষেরা। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও অবরোধ-হরতালের কারণে ঈশ্বরদীর অনেকেই বাইরে থেকে শীতবস্ত্র আনতে পারছেন না। বেসরকারি সংস্থা নিউএরা ফাউন্ডেশন ঈশ্বরদী অঞ্চলের সমন্বয়ক মোস্তাক আহমেদ জানান, প্রতিবছর তাঁরা শীতে প্রচুর শীতবস্ত্র বিতরণ করেন। কিন্তু এবার হরতাল-অবরোধে শীতবস্ত্র আনতে না পারায় বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
ঈশ্বরদী আবহাওয়া কার্যালয় জানায়, গতকাল বুধবার ঈশ্বরদীতে এ বছরের সবচেয়ে বেশি শীত পড়েছে। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঈশ্বরদীর মাজদিয়া গ্রামের হতদরিদ্র আয়তুননেছা বলেন, ‘শীতে শরীর ভাইঙ্গা চুইরা লয়, ক্যাথার নিচে শুইয়া থাকি, শীত যায় না, অ্যাকটা কম্বল দেও বাবা।’ শীতের তীব্রতায় কাতর হয়ে তাঁর কষ্টের কথা তিনি এভাবে জানালেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন জানান, হরতাল-অবরোধে ঈশ্বরদীর বাইরে থেকে গাড়ি আসতে না পারায় ছুটির দিনে (শুক্রবার) ৬০১টি কম্বল এনে বিতরণ করা হয়েছে।