শীতবস্ত্রের অভাবে ধুঁকছে দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তীব্র শীত পড়ছে। গত শনিবার থেকে শীতের তীব্রতা আরও বেড়েছে। শীতবস্ত্রের অভাবে বাস্তুহারা ও খেটে খাওয়া দরিদ্র মানুষ তীব্র দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: বেড়া (পাবনা): ‘ভাঙনে সব হারায়া বাঁধে ঘর বানাইছি। এ জন্য এহানে কনকনে হাওয়া লাগে বেশি। গরম কাপড় নাই, তার উপর ভাঙ্গা বেড়া দিয়্যা ঘরে ঠান্ডা ঢোকায় শীতে মইর্যা যাচ্ছি।’ এভাবেই শীতের কষ্টের কথা বর্ণনা করলেন বেড়া উপজেলার মালদাপাড়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া মরিয়ম খাতুন। ওই বাঁধে আশ্রয় নেওয়া তাঁর মতো কমপক্ষে ১০ হাজার দরিদ্র মানুষ শীতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। অসহায় এসব শীতার্ত লোকের মধ্যে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেই।বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন বলেন, দু-এক দিনের মধ্যে সরকারিভাবে বরাদ্দ করা শীতবস্ত্র হাতে পাবেন বলে তিনি আশা করছেন।রাজশাহী: পৌষের শুরুতেই রাজশাহী অঞ্চলজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। গত দুই দিনে শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। শনিবার নগরের বিভিন্ন স্থানে ছিন্নমূল অসহায় দরিদ্র লোকজনকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।রাজশাহীর জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, জেলায় অসহনীয় ঠান্ডা পড়ছে। তিনি শীতার্ত দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে ১০ হাজার এবং ত্রাণ অধিদপ্তরে ১৫ হাজার কম্বলের জন্য গত শুক্রবার ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন।ক্ষেতলাল (জয়পুরহাট): শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ছিন্নমূল ও খেটে খাওয়া দরিদ্র মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত সরকারিভাবে কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি।নাটোর: নাটোরে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সামর্থ্যবান লোকেরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে হচ্ছেন না। সবচেয়ে দুর্ভোগের শিকার হচ্ছে বাস্তুহারা ও খেটে খাওয়া দরিদ্র মানুষ। জেলায় গত এক সপ্তাহ সূর্যের দেখা মেলেনি। তার ওপর শনিবার থেকে বইতে শুরু করেছে কনকনে ঠান্ডা বাতাস। শহরের বনবেলঘরিয়া বস্তির বাসিন্দা কুলসুম বেওয়া বলেন, ‘ভিক্ষা করে খাই। কিন্তু ঠান্ডার কারণে গত কয়েক দিন বের হতে পারিনি। গরম কাপড়ও জোগাড় করতে পারছি না। খাওয়াদাওয়ায় খুব কষ্ট হচ্ছে, বাবা।’আদমদীঘি (বগুড়া): নওগাঁসহ পশ্চিম বগুড়ায় গত দুই দিনে শীতের তীব্রতা বেড়েছে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকার মানুষ ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, কাশিসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। নওগাঁ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্র ও শনিবার শীতজনিত রোগে আক্রান্ত শতাধিক রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন রোগী।