শীতল জলে তৃষ্ণা নিবারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দিরা রোডের একটি বাড়ির নিরাপত্তা ফটকে লিফলেট টাঙানো। তাতে লেখা, ‘বিনা মূল্যে ঠান্ডা পানি পান করানো হয়’। পথচলতি লোকজন সেই লেখা দেখে থামেন। কৌতূহল নিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীদের কাছে জানতে চান। লোকজন শুনে অবাক হন।

এ পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন গণমাধ্যমকর্মী সাজিদ আরাফাত। তিনি প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত উৎসাহ থেকে আমি এ বিষয়ে খোঁজ নিয়েছি। উদ্যোগটা চমৎকার। ওই বাড়িতে সাধারণ মানুষের তৃষ্ণা মেটে। এ উদ্যোগ আমাদের মধ্যে ছোট ছোট সেবামূলক কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

গতকাল মঙ্গলবার ওই ভবনের সামনে গিয়ে দেখা যায়, নিরাপত্তা ফটকের ভেতরে একটি জারে বরফ দেওয়া খাওয়ার পানি। তার পাশে মগ ও গ্লাস। রিকশাচালকেরা রিকশা থামিয়ে ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে পানি চাইছেন, তাঁরা পানি এগিয়ে দিলে পান করছেন। নিরাপত্তারক্ষীদের আতিথেয়তায় আন্তরিকতার ছোঁয়া। খোঁজ নিয়ে জানা গেছে, সারা বছর চালু থাকে এই সেবা। কার্যক্রম চলছে প্রায় ১০ বছর ধরে। প্রতিদিন ২০ থেকে ৫০ লিটার ঠান্ডা পানি বিতরণ করা হয়। দিনে ৩০ থেকে ১০০ জন মানুষ এই সেবা নেন। পানি পান করানোর কাজ শুরু হয় সকাল ১০টায়, বন্ধ হয় সন্ধ্যা ৬টায়। ভবনের নিরাপত্তারক্ষীরা পানি বিতরণ করেন।

নিরাপত্তারক্ষীদের একজন আয়নুল হক বলেন, ‘পানি খাওয়াতে খুব ভালো লাগে। লোকে জানে, এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। গরমের দিনে লোকজন ঠান্ডা পানি খেয়ে কতটা তৃপ্তি পান, সে দৃশ্য না দেখলে বোঝানো যাবে না।’

ভবনের নিরাপত্তারক্ষীরা জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের মেস-হোস্টেলের লোকজন, নিম্নবিত্ত লোকজন, ফেরিওয়ালা ও রিকশাভ্যান-চালকেরাই বেশি আসেন। লোকজন পানি পান করেন, পাশাপাশি বোতল ও জার ভরে নিয়ে যান। প্রতিদিন বিকেলে ইন্দিরা রোড মাঠে খেলাধুলা শেষে শিশু-কিশোরেরা দল বেঁধে পানি পান করতে আসে। শুধু এই-ই না, এলাকায় পানির সংকট দেখা দিলে এলাকাবাসী এ ভবন থেকে ওয়াসার সরবরাহ করা পানি নিয়ে দৈনন্দিন কাজ চালান। সংকটের সময় আশপাশের প্রায় ৫০টি পরিবার এখান থেকে পানি নেয়।

সেবামূলক এই উদ্যোগের পরিচালক রোকেয়া সুলতানা প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে স্বাস্থ্যসম্মতভাবে পানি ঠান্ডা করে দিই। একজন মানুষকে পানি খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে হয়। যাঁদের ঠান্ডা পানি কিনে খাওয়ার সামর্থ্য নেই, তাঁরা যেন এখান থেকে পানি নিতে ও খেতে পারেন,‍ এমন ভাবনা থেকেই এ কাজ শুরু করি। লোকের তৃষ্ণা মিটলে স্বস্তি পাই। ভালো লাগে।’