শীতল সম্পর্কে উষ্ণতা আনতে চায় মিয়ানমার
মিয়ানমারের সঙ্গে তার উত্তরের প্রতিবেশী বাংলাদেশের জীবনযাত্রা আর সংস্কৃতির মিলটা বেশ পুরোনো। দুই দেশের লোকজনের মধ্যে যাতায়াতটাও অব্যাহত আছে সুদূর অতীত থেকে। এরপরও দুই নিকট প্রতিবেশীর সম্পর্কটা মধুর নয়। বরং অনেকটা শীতল। দুই দেশের স্বার্থেই শীতল এই সম্পর্কে উষ্ণতা আনতে আগ্রহী মিয়ানমারের নতুন ক্ষমতাসীন এনএলডি সরকার।
গতকাল সোমবার ও গত শনিবার ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পৃষ্ঠপোষক তিন ও-সহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলে এমন মনোভাব জানা গেছে।
মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণতান্ত্রিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় এনএলডি চীন, ভারত ও থাইল্যান্ডের মতো প্রতিবেশীর পাশাপাশি বাংলাদেশকেও সমান গুরুত্ব দিচ্ছে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ঝালাইয়ের জন্য ‘রাজনৈতিক দৃষ্টিভঙ্গি’ বেছে নিতে চায় দেশটির নতুন সরকার।
গতকাল দুপুরে এনএলডির কার্যালয়ে কথা হয় দলের সাবেক সভাপতি তিন ও-র সঙ্গে। এ সময় তাঁর পাশে ছিলেন দলের সাবেক মুখপাত্র ও বর্তমানে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য নিয়ান উইন।
এনএলডির পৃষ্ঠপোষক তিন ও দলে যোগ দেওয়ার পর সভাপতির দায়িত্ব পালন করেন। মিয়ানমারের সাবেক সেনাশাসক নে ইউনের শাসনামলে ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিন ও। ১৯৭৬ সালেই তিন ও-র স্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এক বছর পর ১৯৭৭ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে মদদ দেওয়ার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তার করা হয়। কারাগার থেকে ১৯৮০ সালে মুক্তি পাওয়ার কয়েক বছর পর তিনি যোগ দেন এনএলডিতে।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে গতকাল দুপুরে তিন ও বলেন, ‘আমরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীলা নীতি অনুসরণ করতে চাই। প্রতিবেশীর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে। সীমান্ত নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাই যেকোনো সমস্যারই শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’
তিন ও-র মতে, পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি বাংলাদেশসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দুই দেশের মধ্যে বড় কোনো বিরোধের বিষয় না থাকায় সংঘাতের সুযোগ নেই, সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে। তিনি জ্বালানি, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন।
এনএলডির ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য নিয়ান উইন বলেন, ‘দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু বিষয় আছে, যা নিয়ে দ্বিমতের সুযোগ নেই। শুধু ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে তা কারও জন্য সুখকর হবে না, সম্পর্কও এগোবে না। নিকট প্রতিবেশী হিসেবে আমাদের বন্ধুত্ব দরকার।’
সামরিক সরকারের সঙ্গে এনএলডি-শাসিত মিয়ানমারের বর্তমান গণতান্ত্রিক সরকারের মধ্যে গুণগত পার্থক্য আছে বলে মনে করেন দলটির সাবেক মুখপাত্র নিয়ান উইন। তিনি বলেন, ‘পার্থক্যটা অনেক বড়। কারণ তারা (সামরিক সরকার) সবকিছুই সামরিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে ও করতে পছন্দ করে। আর এ সম্পর্কের বিষয়গুলোকে আমরা রাজনৈতিক পন্থায় সমাধানে আগ্রহী। আমরা বাংলাদেশসহ প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক চাই।’
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কটা ভালো করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এনএলডির নেতা নিয়ান উইন। এ প্রসঙ্গে কয়েক বছর আগে নাফ নদীতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৃষ্ট উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধানের কথা তিনি উল্লেখ করেন।
নববর্ষ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠান শেষে দূতাবাসে কথা হয় মিয়ানমারের পার্লামেন্টের পররাষ্ট্র-বিষয়ক কমিটির প্রধান বো বো ও-র সঙ্গে।
বো বো ও বলেন, ‘আমি নিশ্চিত, নতুন সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। কেননা, আগের সরকারের সময় দুই দেশের সম্পর্ক তেমন ভালো ছিল না। বরং তা শীতল ছিল। তাই এনএলডি সম্পর্ক উন্নয়নে মনোযোগী হবে। আর বাংলাদেশও সম্পর্কের ক্ষেত্রে যেসব বাধা আছে, তা সরিয়ে দেবে। তবে এটা ঠিক, (দৃষ্টিভঙ্গিগত) সব বাধা এক দিনে দূর হবে না। এ জন্য সময় দিতে হবে। কিন্তু সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা যেহেতু আছে, তাতে ফল দেবে।’
দুই প্রতিবেশীর সম্পর্ক শীতল কেন ছিল—জানতে চাইলে বো বো ও এর জন্য সীমান্তের বিক্ষিপ্ত কিছু ঘটনা ও অতীতে দুই দেশের সামরিক মহড়ার প্রসঙ্গ টানেন। বো বো ও বলেন, ১৯৬২ সালের সেনা অভ্যুত্থানের পর নে উইন সরকার সংকীর্ণ জাতীয়তাবাদ ও একলা চলার নীতিতে গুরুত্ব দেওয়ায় সর্বনাশটা হয়েছে। তবে এনএলডি সরকার উন্নতির চেষ্টা করবে এবং বাংলাদেশও তাতে সাড়া দেবে।
বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক নিয়ে একই রকম মত দিলেন সাবেক কূটনীতিক উইন লিন। আশির দশকে ঢাকায় মিয়ানমার দূতাবাসে কর্মরত এই সাবেক কূটনীতিক এখন গবেষণা সংস্থা মিয়ানমার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (মিয়ানমার-আইএসআইএস) পরিচালনা পরিষদের সদস্য। গতকাল সকালে নিজের দপ্তরে উইন লিন বলেন, দেশের অগ্রাধিকার সমস্যাগুলো সমাধানের পাশাপাশি প্রতিবেশী চীনের সঙ্গে বাংলাদেশকেও বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেছে নতুন সরকার। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সরকারের আগ্রহ আছে। কাজেই এ বিষয়টি অগ্রাধিকার হিসেবেই আছে।