শীতলক্ষ্যা ও কীর্তনখোলায় আরও ২ লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও বরিশালের কীর্তনখোলা নদী থেকে গতকাল শনিবার অজ্ঞাত-পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের বাগুনচর এলাকায় শীতলক্ষ্যা নদীতে বেলা ১১টার দিকে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, লাশটির মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তাঁকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।
এদিকে গতকাল সকালে বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পচে যাওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে।
বরিশাল বন্দর থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, লাশটির পেট কাটা ও শরীরের সঙ্গে ইট বাঁধা ছিল। পচে যাওয়ায় লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। পেট কাটা থাকলেও শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।