শীতলক্ষ্যা ও বালু নদের পানিদূষণ প্রতিরোধের দাবিতে মানববন্ধন
শীতলক্ষ্যা ও বালু নদের পানিদূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রূপগঞ্জের মুড়াপাড়া মঠের ঘাটে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন কর্মসূচি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের রূপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহজাহান ভূঁইয়া। বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম, তারাব পৌরসভার মেয়র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, নদীর স্বচ্ছ পানি বিষাক্ত হয়ে উঠেছে। পানির রং দিন দিন কালো হয়ে যাচ্ছে। পচা পানির দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দূষণকারী শিল্পপ্রতিষ্ঠান প্রতিনিয়ত রাসায়নিকদ্রব্য মেশানো বিষাক্ত বর্জ্য ও গরম পানি নদীতে ফেলছে। এতে জলজসম্পদ ধংস হয়ে যাচ্ছে। পরিবেশ হচ্ছে বিপন্ন। নদীদূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।