শীতলক্ষ্যা-তীরের ওয়াকওয়ে নির্মাণকাজ বন্ধ করে দিলেন নূর হোসেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর সংরক্ষণ করে হাঁটার রাস্তার (ওয়াকওয়ে) নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ছোট ভাই নুরুজ্জামান এ কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নূর হোসেন ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যার তীরভূমি দখল করে পাথর ও বালুর ব্যবসার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদীতীর অবৈধ দখলমুক্ত রাখতে একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রকল্পের আওতায় ১৭ কোটি টাকা ব্যয়ে কাঁচপুর সেতুসংলগ্ন ডেমরা ফেরিঘাট থেকে আম্বর পাল্প অ্যান্ড পেপার মিল পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় শীতলক্ষ্যা-তীরে হাঁটার রাস্তা, বসার স্থান ও গাছ লাগানো হচ্ছে। এসএস রহমান ইন্ট্যারন্যাশনাল ও রুমা ট্রেডিং নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২০ দিন আগে এ কাজ শুরু করে।গত মঙ্গলবার কাঁচপুর সেতুর নিচে গিয়ে দেখা যায়, নদীতীরে হাঁটার পথের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সেতুর নিচে শীতলক্ষ্যার তীর দখল করে অবৈধভাবে চলছে পাথর ও বালুর ব্যবসা। কাজ বন্ধ কেন, জানতে চাইলে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদুজ্জামান এবং ওই প্রকল্পের পরিচালক রাকিবুল ইসলাম জানান, কয়েক দিন আগে স্থানীয় কয়েকজন লোক নির্মাণকাজ বন্ধ করে দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে আর কিছু বলতে অস্বীকৃতি জানান নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক। তবে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নূর হোসেন ও তাঁর ভাই নুরুজ্জামানই কাজ বন্ধ করে দিয়েছেন।একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিনিধি জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কাঁচপুর সেতুর নিচে নদীর সীমানা (ফোরশোর) চিহ্নিত করে লাল পতাকা ওড়ানোর পর তাঁরা কাজ শুরু করেন। ৫ মে প্রকল্প এলাকায় কর্মরত রুমা ট্রেডিংয়ের তত্ত্বাবধায়ককে নূর হোসেনের লোকজন ডেকে প্রাইভেট কারে তুলে শিমরাইল ট্রাক টার্মিনালে তাঁর কার্যালয়ে নিয়ে যান। সেখানে নূর হোসেন কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। নূর হোসেন যুক্তি দেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে কাঁচপুর সেতুর নিচে বালু ও পাথর পরিবহনের জন্য ট্রাক চলাচলে সমস্যা হবে। এর পরই কাজ বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি প্রকল্প পরিচালককে জানানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্র জানায়, শুধু কাজ বন্ধ নয়, নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের খাওয়ার পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নূর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীই নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। কারণ, কাঁচপুর সেতুর নিচে পাথর ও বালুর ব্যবসায় ১০ হাজার লোকের জীবিকা নির্বাহ হচ্ছে। ৫০০ ট্রলার ও ৫০০ ট্রাক জড়িত আছে এই ব্যবসায়। আমরাও চাই নদী রক্ষা হোক। কিন্তু ১০ হাজার মানুষের পেটে লাথি মেরে হাঁটার পথ নির্মাণ করতে দেবে না এলাকাবাসী।’নূর হোসেন দাবি করেন, কাঁচপুর সেতুর নিচে তাঁর নিজের কোনো ব্যবসা নেই। তবে তাঁর ছোট ভাই সেখানে ব্যবসা করেন।শীতলক্ষ্যা নদীর তীরে পাথর ও বালু ব্যবসার জন্য বিআইডব্লিউটিএ কাউকে অনুমোদন দেয়নি—এ কথা জানালে নূর হোসেন বলেন, ‘ব্যবসায়ীরা তাঁদের নিজস্ব জমিতে ব্যবসা করছেন।’নদী ভরাট বন্ধ এবং ভরাট করা মাটি ও বালু সরিয়ে নিয়ে নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিতে গত ২২ এপ্রিল নূর হোসেন ও তাঁর ভাইকে নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে বলা হয়, নূর হোসেন ও তাঁর ভাই কাঁচপুর সেতুর নিচে অবৈধভাবে বালু ও মাটি দিয়ে ভরাট করে ৮৭২ শতক তীরভূমি দখল করে পাথর ও বালুর ব্যবসা গড়ে তুলেছেন। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক ও সহকারী বন্দর সংরক্ষক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যার তীরে পাথর ও বালুর ব্যবসার কোনো অনুমোদন নেই। নদী ভরাট করে অবৈধভাবে ব্যবসা করার অভিযোগে নূর হোসেন ও তাঁর ভাইকে নোটিশ দেওয়া হলেও তাঁরা কোনো জবাব দেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল প্রথম আলোকে বলেন, ‘হাঁটার রাস্তা তৈরির কাজ কে বা কারা বন্ধ করে দিয়েছে সে সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’গত বছরের ৩০ মে প্রথম আলোর প্রথম পাতায় ‘শীতলক্ষ্যা দখল করে আবারও বালু ও পাথরের ব্যবসা’ এবং একই বছরের ৭ আগস্ট শেষের পাতায় ‘শীতলক্ষ্যা দখলে আওয়ামী লীগ-বিএনপি সিন্ডিকেট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উভয় প্রতিবেদনে মূল অভিযোগ ছিল নূর হোসেনের বিরুদ্ধে।