শীতলক্ষ্যা তীরের মাটি কেটে ইটভাটায় বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরের মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ শ্রমিক নিয়োগ করে মাটি কেটে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, শীতলক্ষ্যা নদীর তীরের চার একর জমি থেকে ১ মার্চ রাত থেকে মাটি কাটা শুরু করেন ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ। এসব মাটি ট্রলারে করে নিয়ে পাশের ফতুল্লার বক্তাবলী ও ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রলারের মাটি গড়ে ২০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মাটি কাটা হয়। দিনে প্রায় ৩০-৪০টি ট্রলারে করে মাটি কেটে নেওয়া হচ্ছে। মদনগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাসুদুর রহমান অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদের নেতৃত্বে নদীতীরের চার একর জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আলমগীর কবীর বলেন, মদনগঞ্জে শীতলক্ষ্যার তীরে পণ্য ওঠানো ও নামানোর কাজে জেটি তৈরির জন্য একটি শিল্পপ্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে।লাইসেন্সের শর্তে উল্লেখ রয়েছে, হাইকোর্টের নির্দেশে স্থাপিত শীতলক্ষ্যা নদীর সীমানা-পিলার রক্ষা করে ওই শিল্পপ্রতিষ্ঠান তাদের নিজস্ব জায়গায় জেটি নির্মাণ করবে। জেটির নির্মাণকাজ শুরুর আগে বিআইডব্লিউটিএর প্রকৌশলীদের সীমানা চিহ্নিত করে দিয়ে আসার বিধান রয়েছে। শীতলক্ষ্যার তীর থেকে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে গতকাল সোমবার বেলা দুইটায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা সেখানে অভিযান চালান। তবে এ সময় সেখানে কাউকে পাওয়া যায়নি। নদীতীরের মাটি কাটার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ বলেন, ‘আমি মদনগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে জেটির মাটি কাটার কাজ ইজারা নিয়েছি। জেটি তৈরির জন্য বিআইডব্লিউটিএ থেকে অনুমোদন নিয়েছে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান। আমি ওই প্রতিষ্ঠানের পক্ষে মাটি কাটার কাজ করছি।’ বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুন্নাহার প্রথম আলোকে বলেন, নদীতীরের ভূমি সরকারি সম্পদ। নদীর তীর থেকে বিনা অনুমতিতে মাটি কাটা অন্যায়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে রাস্তা ও হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে নদীর তীর থেকে মাটি কেটে নেওয়া হলে এ প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। কারা, কী উদ্দেশ্যে নদীতীরের মাটি কেটে নিচ্ছে, সে ব্যাপারে দ্রুত খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।