শীতলক্ষ্যা থেকে অর্ধকোটি টাকা মূল্যের জ্বালানি তেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোরে বিপুল পরিমাণ জেট ফুয়েলসহ অর্ধকোটি টাকা মূল্যের চোরাই জ্বালানি তেল উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় আটক করা হয়েছে দুটি ট্রলারসহ জ্বালানি তেল পাচারকারী চক্রের চার সদস্য। কোস্টগার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে পাচার করার সময় বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ফার্নেস ওয়েলভর্তি দুটি বাল্কহেড আটক করেন। এ সময় আটক করা হয় পাচারকারী চক্রের সদস্য আরিফ, ইয়াজউদ্দিন, ইমরান ও সুজনকে। উদ্ধার করা জেট ফুয়েলের পরিমাণ দুই হাজার লিটার, ফার্নেস অয়েল ছয় হাজার লিটার। পাচারকারী চক্রটি তেল চুরির জন্য বিশেষভাবে তৈরি একটি অয়েল ট্যাংকার ব্যবহার করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা ও মেঘনা জ্বালানি তেলের ডিপো রয়েছে। ডিপোতে খালাসের উদ্দেশ্যে আসা জ্বালানি তেলভর্তি জাহাজ থেকে চক্রটি দীর্ঘদিন ধরে জ্বালানি পাচার করে আসছিল বলে কোস্টগার্ডের সদস্যরা জানান। কোস্টগার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার আরও জানান, হজ মৌসুমে জেট ফুয়েল পরিবহনে নিরাপত্তা ছাড়াও নিরাপদ আনলোডিংয়ে কোস্টগার্ড সহায়তা দেয়। এই সূত্রে কোস্টগার্ডের সদস্যরা শুক্রবার রাতে শীতলক্ষ্যা নদীতে গোদনাইল অয়েল জেটি এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক একটি কান্ট্রি বোট এবং তেলবাহী বিশেষভাবে নির্মিত কার্গো চেক করলে জেট ফুয়েল ও ফার্নেস ওয়েলের অস্তিত্ব টের পায়। পরে কোস্টগার্ড চোরাকারবারি ও তেলবাহী নৌযান দুটি পাগলার কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে। চার চোরাকারবারিসহ আটক মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।