শীতলক্ষ্যা থেকে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবার অভিযান শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে সকালে শহরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম ও দক্ষিণ তীরে উচ্ছেদ অভিযান শুরু করে। নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ ও সামসুদ্দৌহার নেতৃত্বে উচ্ছেদ অভিযানের সময় বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর কবিরসহ বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের সদস্য।বিআইডব্লিউটিএর কর্মকর্তা আলমগীর কবির জানান, গতকাল মোট ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে সাতটি টিনের ঘর, ছয়টি টিনশেডের বিল্ডিং, একটি পাকা গুদাম, একটি নিরাপত্তাপ্রাচীর, দুটি টয়লেট ও নদী ঘেরাও দেওয়া একটি বাঁশের বেড়া। উচ্ছেদ অভিযানে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভা শাহনাজ জানান, সপ্তাহের দুই দিন সোম ও মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে। জানা গেছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর দুই তীরের মোট তিন হাজার ৩৩০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে। এর মধ্যে গত ৯ মার্চ সোনারগাঁ মৌজার শীতলক্ষ্যা নদী থেকে ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।