শীতলক্ষ্যা থেকে ৪০ হাজার কেজি চালসহ দুটি ট্রলার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার মদনগঞ্জ মোহনা থেকে ৪০ হাজার কেজি চাল ও দুটি ট্রলারসহ একজনকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল রোববার দুপুর একটায় কোস্টগার্ড পাগলা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চাল আটক করেন। আটককৃত চাল ছাড়িয়ে নিতে তিন লাখ টাকা ঘুষ দিতে এলে একজনকে গ্রেপ্তার করেছেন কোস্টগার্ড সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, ট্রলারচালক আনোয়ার হোসেন ও শহীদুল্লাহ।কোস্টগার্ডের বুড়িগঙ্গা নদীর পাগলা ক্যাম্পের এলআরজি মো. রোকনুজ্জামান জানান, সাব লে. ফেরদৌস আহম্মেদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা দুপুরে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলারভর্তি ৪০ হাজার কেজি চাল আটক করেছেন। এ সময় একটি ট্রলারের চালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ট্রলার দুটির অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। কিছুক্ষণ পর শহীদুল্লাহ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে এসে তিন লাখ টাকা ঘুষের বিনিময়ে কোস্টগার্ড সদস্যদের আটককৃত চাল ছেড়ে দেওয়ার প্রস্তাব দেয়। এ সময় তিন লাখ টাকাসহ শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত চালের কোনো কাগজপত্র দেখাতে পারেনি গ্রেপ্তারকৃতরা। ধারণা করা হচ্ছে, সরকারি খাদ্যগুদামের চাল অবৈধভাবে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তারকৃত দুজনকে মুন্সিগঞ্জ সদর থানায় সোপর্দ ও মামলা করা হয়েছে।