শীতলক্ষ্যা দখলের অভিযোগে রূপায়ণের চেয়ারম্যানকে পরিবেশ অধিদপ্তরে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে আরসিসি পাইলিং দিয়ে নদী দখলের অভিযোগে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানকে তলব করেছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার তাঁকে পরিবেশ অধিদপ্তরে হাজির হতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল শনিবার এই নোটিশ জারি করেন। একই সঙ্গে সব অবৈধ নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।রূপায়ণ গ্রুপের আওতায় রূপায়ণ পোর্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড বন্দর উপজেলার ধামগড় ও কুড়িপাড়া মৌজায় শীতলক্ষ্যা নদীর সীমানা খুঁটি অতিক্রম করে নদীর ভেতর আরসিসি পাইলিং দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে। এ ঘটনা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিবেশ অধিদপ্তরকে জানালে, পরিবেশ অধিদপ্তরের একটি দল সম্প্রতি সরেজমিন তদন্ত করে নদী দখলের প্রমাণ পায়। পরিবেশ অধিদপ্তরের তদন্তে নদীর দখল করা অংশের পরিমাণ সাত হাজার ৮৮ বর্গফুট।পরিবেশ অধিদপ্তর শীতলক্ষ্যা নদীকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছে। এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, ‘কিছু উদ্যোক্তার সীমাহীন লোভ শীতলক্ষ্যার পরিবেশ ও প্রতিবেশকে বিপন্ন করছে। এ ধরনের কার্যকলাপ শিল্পায়নের নামে প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের শামিল। পরিবেশ অধিদপ্তর এ ধরনের কার্যকলাপ রোধে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এ ছাড়া হাইকোর্টের আদেশ অনুযায়ী, নদীর সীমানায় কোনো স্থাপনা নির্মাণ বা নদী ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ।’