শীতলক্ষ্যা দূষণ: জয়া নিটিংকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইং কারখানার বর্জ্য পরিশোধন যন্ত্র বা প্লান্ট বন্ধ রেখে কেমিক্যাল মেশানো দূষিত তরল বর্জ্য একটি চোরা পাইপলাইন দিয়ে সরাসরি শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের অভিযানকারী দল গতকাল বুধবার এই ঘটনা উদ্ঘাটন করেছে। আর এ ঘটনার জন্য দায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়া নিটিং লিমিটেড নামের একটি কারখানাকে জরিমানা করা হয়েছে ২৬ লাখ টাকা। বন্ধ করে দেওয়া হয়েছে চোরা পাইপলাইনটি। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানকারী দলের দুই ঘণ্টার অনুসন্ধানে দেখা যায়, জয়া নিটিং লিমিটেডের কারখানা থেকে চোরা পথে লাল রঙের দূষিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে পড়ায় কারখানার কাছাকাছি এলাকায় নদীর পানি রঙিন হয়ে গেছে। অভিযানকারী দলটি জানতে পারে, কারখানাটিতে প্রতি মাসে ৭৫ মেট্রিক টন সুতা ডাইং করা হয়। অভিযানকারী দলের উপস্থিতিতে তরল বর্জ্যের পানির নমুনা পরীক্ষা করা হয়। তাৎক্ষণিক রাসায়নিক পরীক্ষায় দ্রবীভূত অক্সিজেন, ইলেকট্রোলাইটিক কনডাক্টিভিটি নির্ধারিত মাত্রার অনেক বেশি পাওয়া যায়। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটিতে বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) বসানো হলেও তা ব্যবহার করা হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, নিশ্চিত হয়েই অভিযানকারী দল কাজ করেছে। ইতিপূর্বেও কারখানা কর্তৃপক্ষকে ইটিপি ব্যবহারের জন্য সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল।