শীতলক্ষ্যা দূষণের অভিযোগ তিন কারখানাকে ৮৮ লাখ টাকা জরিমানা
শীতলক্ষ্যা নদীতে দূষণ, অবৈধভাবে কারখানা পরিচালনা এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই ব্যক্তির মালিকানাধীন তিনটি পেপার মিলকে ৮৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই নির্দেশ দেন। দণ্ডিত তিনটি প্রতিষ্ঠান হলো—সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লি., ইউনুস অফসেট পেপার লিমিটেড ও ইউনুস ফাইন পেপার মিল। কারখানা তিনটি রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এ তিনটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ ইউনুস।পরিবেশ অধিদপ্তরের সহ-পরিচালক আবদুল্ল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, দৈনিক ১৩০ মেট্রিক টন বিভিন্ন ধরনের কাগজ উৎপাদনকারী এসব কারখানাকে ‘কমলা-খ’ শ্রেণীভুক্ত হিসেবে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছিল। অথচ এ তিনটি কারখানা পরিবেশ আইনে বিপজ্জনক ‘লাল’ শ্রেণীভুক্ত শিল্পপ্রতিষ্ঠান হলেও ‘কমলা-খ’ শ্রেণীভুক্ত অর্থাৎ কম দূষণকারী কারখানা হিসেবে ছাড়পত্র গ্রহণ করে গুরুতর দূষণ ঘটিয়ে শীতলক্ষ্যা নদীর বিপর্যয় ঘটাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত পাঁচ বছরে কারখানাগুলোতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা একবারও পরিদর্শন করেনি কিংবা কোনো নোটিশও দেয়নি। অপরদিকে মালিকও কারখানায় ইটিপি স্থাপন, বর্জ্য অপসারণ, পানির মান পরীক্ষা এবং ছাড়পত্র নিয়মিতকরণের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কারখানাগুলোতে উপযুক্ত প্রযুক্তির ইটিপি নেই বরং পরিবেশ অধিদপ্তরের অননুমোদিত ডিজাইনের ইটিপি পাওয়া গেলেও সেগুলো অভিযানকালে বন্ধ পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম এসব কারখানা থেকে আনুমানিক ৫৫ কোটি লিটার অপরিশোধিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নির্গমনের প্রমাণ পায়।