শীতলক্ষ্যা দূষণের দায়ে বাংলাদেশ পেপার মিলস বন্ধ, ৩০ লাখ টাকা জরিমানা
দীর্ঘ ৪৪ বছর ধরে কারখানার বর্জ্য ফেলে শীতলক্ষ্যা নদী দূষিত করার অপরাধে বাংলাদেশ পেপার মিলসের উৎপাদন বন্ধের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সিমরাইলে শীতলক্ষ্যার তীরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত কারখানাটিকে গতকাল সোমবার এই দণ্ড দেওয়া হয়। কারখানাটি স্থাপনের পর থেকে কোনো দিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। বর্জ্য পরিশোধন যন্ত্রও (ইটিপি) স্থাপন করেনি। ৪৪ বছর ধরে বিরামহীনভাবে শিল্পবর্জ্যে দূষিত করে এসেছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদীকে ২০১০ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটিকে অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং শীতলক্ষ্যা নদীর পরিবেশ সংরক্ষণের স্বার্থে এর উৎপাদন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। আগামী দুই মাসের মধ্যে বর্জ্য পরিশোধন যন্ত্র স্থাপন ও সার্বক্ষণিকভাবে চালু রেখে কারখানাটি পুনরায় চালু করা যাবে বলে নির্দেশে বলা হয়।গতকাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনের সময় দেখতে পান, কারখানাটিতে উৎপন্ন রাসায়নিক-মিশ্রিত তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে নির্গত হচ্ছে। কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশ দূষণের এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন এবং পরিচালকের (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) কাছে এই মর্মে প্রতিজ্ঞা করেন যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁরা কারখানায় পূর্ণাঙ্গ ইটিপি চালু করবেন।কিন্তু পরিচালক সেই কথায় আস্থা রাখতে পারেননি। কারণ, কারখানা কর্তৃপক্ষ এর আগেও পরিবেশ আইন লঙ্ঘন করে জরিমানা দিয়েছেন। কিন্তু আইন মানার কোনো উদ্যোগ নেননি। তাই অধিদপ্তরের পরিচালক গতকাল অপরাহ্নে কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায়ের পর কারখানাটি বন্ধ করে দেওয়ার আদেশ দেন। এর পরপরই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।২০১০ সালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুর রহিমকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ঢাকার পরিবেশ আদালত আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছিলেন। তার পরও কারখানাটি নদীদূষণ অব্যাহত রাখে।