শীতলক্ষ্যা-ধলেশ্বরী সংযোগকারী খাল পুনরুদ্ধার নিয়ে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের দক্ষিণে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী সংযোগকারী (নিমতলা-বাবুরাইল) খালটি পুনরুদ্ধারের কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার নগর ভবনে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় মেয়র সেলিনা হায়াৎ আইভী, প্রকল্পের নকশা প্রণয়নকারী ‘ভিত্তি স্থপতিবৃন্দ লি.’-এর কর্মকর্তারা, ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, নিমতলা-বাবুরাইল সংযোগ খালটি তিন কিলোমিটার দীর্ঘ ও ৩০ মিটার চওড়া। চারটি ধাপে এ প্রকল্পের কাজ করা হবে। আপাতত এর বাজেট ধরা হয়েছে ১০০ কোটি টাকা। খালটি পুনরুদ্ধারে বিদেশি সংস্থাগুলো অর্থসহায়তা করবে।
সভায় সেলিনা হায়াৎ আইভী বলেন, একসময় এ খালটি দিয়ে পণ্যবাহী নৌকা চলত। কিন্তু কালের বিবর্তনে খালটি ভরাট হয়ে যাওয়ায় নগরের পরিবেশ বিপর্যস্ত হয়েছে।
ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের পরিচালক ইকবাল হাবিব বলেন, রাজধানী ঢাকাকে বাঁচাতে হলে নারায়ণগঞ্জের পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। গত কয়েক দশকে অপরিকল্পিত নগরায়ণের পাশাপাশি নারায়ণগঞ্জের খাল ও জলাশয়গুলো ভরাট করে ফেলা হয়েছে। একটি নগরের উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও এর মূল্যায়ন জরুরি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, প্যানেল মেয়র-১ মো. ওবায়েদউল্লাহ, প্যানেল মেয়র-২ মনির হোসেন প্রমুখ।