শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার পক্ষ থেকে বরফকল খেয়াঘাট এলাকায় যাত্রীছাউনি নির্মাণের কাজ শুরু করা হলে এতে বাধা দেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের কর্মী ও সমর্থকেরা খেয়াঘাটে অবৈধ বালুর ব্যবসা শুরু করে। বালুভর্তি ট্রাক চলাচলে সমস্যা হবে বলে যাত্রীছাউনির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বালু উত্তোলনকারীরা।যাত্রীছাউনির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জমশের আলী সাংবাদিকদের বলেন, বরফকল খেয়াঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য লোক নদী পার হয়। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এখানে যাত্রীছাউনি নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু বালু উত্তোলনকারীরা যাত্রীছাউনির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য, এখানে যাত্রীছাউনি নির্মাণ করা হলে বালু বহনের ট্রাক ওঠানামায় সমস্যা হবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, ‘ওই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে খবর পেয়েছি। অভিযান চালানোর জন্য জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন জানিয়েছি। ব্যবস্থা নিতে পুলিশকেও চিঠি দেওয়া হয়েছে।’গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, কাউকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।