শীতলক্ষ্যা নদীতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নৌযান চলাচল। প্রায়ই ঘটছে প্রাণহানির ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধে নেই কোনো কার্যকর উদ্যোগ।শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর খেয়াঘাট এলাকায় গত শনিবার্র রাতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে একজন নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। গত ৬ জুলাই মুন্সিগঞ্জের চর মুক্তারপুর ও বন্দর উপজেলার মদনপুরের শান্তিনগরের কাছাকাছি জ্বালানি তেলবাহী জাহাজের ধাক্কায় ‘মদিনার আলো’ নামের যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এতে নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়।এর আগে ২০১০ সালের ৫ জুলাই এই নদীতে শহরের টানবাজার এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে আটজনের মৃত্যু হয়। এভাবে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।সূত্র্রজানায়, দুর্ঘটনা প্রতিরোধে এবং প্রাণহানি এড়াতে রাতের বেলায় বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হয়নি। অবাধে চলছে বালুবাহী ট্রলার। বালুবাহী ট্রলার চলাচলের সময় নদীর পানির সমান তলিয়ে থাকায় দূর থেকে কোনো নৌযান রয়েছে কি না, তা দেখা যায় না। এ কারণে প্রায়ই বালুবাহী ট্রলারের সঙ্গে বিভিন্ন নৌযানের সংঘর্ষ হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতায় বালুবাহী ট্রলারগুলো রাতের বেলায়ও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। কচুরিপানায় ভরে গেলেও তা পরিষ্কারের কোনো উদ্যোগ নেই।এলাকাবাসী ও পুলিশ জানায়, শীতলক্ষ্যা নদীর নাব্যতা কমে যাওয়ায় মাঝনদীতে জাহাজগুলো নোঙর করার কারণেও দুর্ঘটনায় প্রাণহানি অনেক বেড়েছে। বড় বড় জাহাজ এভাবে নদী দখল করে রাখার কারণে যাত্রীবাহী নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ ও চর মুক্তারপুর এলাকায় শাহ্ সিমেন্ট, সিমেক্স, মেট্রো, স্ক্যান, বসুন্ধরার মতো বড় সাত-আটটি সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার জন্য ক্লিংকার ও অ্যাশ নিয়ে আসে বড় বড় জাহাজ। দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যকেন্দ্র শহরের নিতাইগঞ্জ এলাকায় গম ও লবণ নিয়ে আসে এ রকম জাহাজ। বালুবাহী ট্রলারগুলো চলে বেপরোয়া। এসব বাল্কহেড রাতে চলাচলের সময় কোনো বাতি ব্যবহার করে না। গত বছর ট্রলারডুবির ঘটনার পর জেলা প্রশাসক সন্ধ্যার পর বালুবাহী বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু তার পরও বিপজ্জনকভাবে চলাচল করছে এসব বাল্কহেড।নারায়ণগঞ্জ্র নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে নারায়ণগঞ্জ শহর ও পূর্ব পারে বন্দর উপজেলা। প্রতিদিন নারায়ণগঞ্জ সেন্ট্রাল ফেরিঘাট দিয়ে লক্ষাধিক মানুষ ট্রলার ও নৌকাযোগে নদী পারাপার হয়। কিন্তু্র ট্রলারগুলো ধারণক্ষমতার দুই-তিন গুণ যাত্রী নিয়ে চলাচল করে। তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তায় প্রশাসনের পদক্ষেপ নেওয়া জরুরি।বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক জি এম মজনু বলেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর থেকে বড় বড় তেলবাহী ট্যাংকার, বালুবাহী ট্রলার যেভাবে চলাচল্র করে, তাতে জীবন হাতে নিয়ে নৌকা বা ট্রলারে নদী পার হই। যেকোনো দুর্ঘটনার পর প্রতিবাদ, মিছিল ও সমাবেশ হয়। কিন্তু কোনো প্রতিকার নেই।’লঞ্চমালিকদের সমিতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে প্রতিদিন পাঁচটি রুটে ৭০টি লঞ্চ চলাচল করে। এই রুটগুলো হচ্ছে: চাঁদপুরের ইচলী, মতলব, কুমিল্লার হোমনা, মুন্সিগঞ্জের তালতলা, শরীয়তপুরের্রসুরেশ্বর। প্রতিদিন ২০ হাজার লোক যাতায়াত করে লঞ্চে।্র আবদুল্লাহপুর, টেকেরহাট প্রভৃতি রুটে লঞ্চ চলাচল করে। ক্লিংকার, গম ও লবণবাহী বড় বড় জাহাজ মাঝনদীতে নোঙর করে রাখছে বিপজ্জনকভাবে। এতে যাত্রীবাহী লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, ‘কচুরিপানা জোয়ারে ভেসে যায়। তাই কচুরিপানা তেমন সমস্যা মনে করি না। শীতলক্ষ্যা নদীতে নাব্যতা কমে যাওয়ার অজুহাতে বড় জাহাজগুলো ঝুঁকিপূর্ণভাবে মাঝনদীতে নোঙর করে। আমরা বারবার তাদের সতর্ক করেছি। ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা করেছি। কিন্তু তাতেও কাজ হয়নি। সন্ধ্যার পর বালুবাহী ট্রলার চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। নদীতে যাত্রীবাহী নৌযান চলাচল নির্বিঘ্ন করার জন্য সার্বক্ষণিক নজর রাখার মতো লোকবল আমাদের নেই। তাই শীতলক্ষ্যা নদীতে সড়কের মতো নৌ-পুলিশের মাধ্যমে ট্রাফিক-ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছে।’জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, নৌ দুর্ঘটনা রোধে নৌ-পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে।