শীতলক্ষ্যা নদীতে দুই দল শ্রমিকের সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে গত রোববার রাতে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও পাঁচজন। নিহত শ্রমিকের নাম জালাল হোসেন (৩২)। তাঁর বাড়ি বরগুনার আমতলী উপজেলার কটুয়া গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, রাত আটটার দিকে শীতলক্ষ্যা নদীতে মুক্তারপুরে সিমেন্টভর্তি একটি ট্রলারের সঙ্গে তেলবাহী আরেকটি জাহাজের ধাক্কা লাগে। এ নিয়ে ট্রলার ও জাহাজের শ্রমিকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ট্রলারের শ্রমিক জালালসহ ছয়জন আহত হন। গুরুতর আহত জালালকে মুন্সিগঞ্জের পঞ্চসারে একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।