শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযানে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইলে গতকাল বুধবার শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযানে হামলা করা হয়েছে। হামলায় উচ্ছেদকারী দলের কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নদীর তীর দখল করে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যালসের গড়ে তোলা সীমানাপ্রাচীর ভাঙতে অভিযান চালায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। উচ্ছেদকারী দলের শ্রমিকেরা সীমানাপ্রাচীরের অবৈধ অংশ ভাঙতে গেলে এসিআই ফার্মাসিউটিক্যালসের পক্ষের লোকজন বাধা দেন। একপর্যায়ে মালিকপক্ষের শ্রমিকেরা উচ্ছেদকারী দলের শ্রমিকদের ওপর হামলা করেন। তাঁরা ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করেন ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় উচ্ছেদ কর্তৃপক্ষের জাহাজ বাধ্য হয়ে মাঝনদীতে অবস্থান নেয়। এক ঘণ্টা উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকে। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টা থেকে উচ্ছেদ কার্যক্রম আবার শুরু হয়। হামলায় উচ্ছেদকারী দলের কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শোভা শাহনাজ ও জহিরুল ইসলাম। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দর উপপরিচালক আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।