গাজীপুর-নরসিংদীর মধ্যবর্তী গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চর রক্ষার্থে শীতলক্ষ্যা নদীর বালু উত্তোলন বন্ধের দাবিতে গতকাল সোমবার সকালে এলাকাবাসী গাজীপুর জেলা প্রশাসন চত্বরে এক মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ধাঁধার চরটি স্থানীয় ঘিঘাট, নাশোরা ও গোঁসাইরগাঁও গ্রামের কৃষকদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এখানে উন্নত মানের প্রচুর পাট, পেয়ারা, আপেল কুলসহ নানা ধরনের শাকসবজি উৎপাদিত হয়, যা এলাকাবাসী তথা দেশবাসীর পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা পূরণ করছে। ওই চরের পূর্ব তীরে রয়েছে নরসিংদীর মনোহরদী ও শিবপুর থানার অন্তর্গত তিনটি বাজার, ১২টি প্রাচীন মসজিদ, চারটি মাদ্রাসা, স্কুল-কলেজসহ ডাকবাংলো ও ব্যাংক-প্রতিষ্ঠান; পশ্চিম তীরেও রয়েছে অনুরূপ বিভিন্ন প্রতিষ্ঠান। চরটি দেশি-বিদেশি পর্যটকদেরও নজর কাড়ছে। কিন্তু একটি প্রভাবশালী মহল শীতলক্ষ্যা নদী থেকে অব্যাহতভাবে বালু উত্তোলন করায় চরটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমতাবস্থায় এলাকাবাসী গাজীপুর ও নরসিংদী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে।গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসনে স্মারকলিপি জমা দেওয়ার সময় ধাঁধার চর রক্ষা কমিটির আহ্বায়ক মো. তৈমুজ্জামান, সদস্যসচিব মো. পরাগ আহমেদ, জুয়েনা সরকার, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। কাপাসিয়ায় ড্রেজার দিয়ে ধাঁধার চর কেটে নিয়ে যাচ্ছে দস্যুরা: গাজীপুর-নরসিংদী জেলার সীমানায় শীতলক্ষ্যা নদীর ত্রিমোহনায় শত শত বছর আগে প্রাকৃতিকভাবে জেগে ওঠে ধাঁধার চর। একটি প্রভাবশালী মহল তথাকথিত ইজারার দোহাই দিয়ে প্রকাশ্য ড্রেজার লাগিয়ে চরের বালি নিয়ে যাচ্ছে। ফলে বিলীন হয়ে যাচ্ছে ধাঁধার চর। কৃষকের শাকসবজিসহ ফলের বাগান ভেঙে পড়ছে নদীতে। আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করে চর ও কৃষিজমি ধ্বংসের কর্মযজ্ঞ চালাচ্ছে তারা। স্থানীয় কৃষক ও এলাকাবাসী বারবার কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে নীরব রয়েছে তারা।ধাঁধার চর রক্ষা কমিটির সভাপতি তৈমুরুজ্জামান ও সাধারণ সম্পাদক পরাগ আহাম্মেদ জানান, গত ১২ জানুয়ারি চরের দুই শতাধিক কৃষকের স্বাক্ষরসংবলিত একটি লিখিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, স্থানীয় সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয়ের সচিব, উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথসহ বিভিন্ন দপ্তরে দেওয়ার পরও কাজের কাজ কিছুই হচ্ছে না।দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মোল্লা জানান, কয়েক দিন আগে প্রশাসনের লোকজন বালু তোলা বন্ধ করে দিয়েছিল। মাঝে কয়েক দিন বালু তোলা বন্ধ থাকার পর আবারও বালুদস্যুরা ড্রেজার দিয়ে বালু তুলে যাচ্ছে।এ ব্যাপারে কথা বলতে ইজারাদারদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী জানান, তিনি সরেজমিনে ধাঁধার চর পরিদর্শন করে চর না কাটার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং ধাঁধার চর রক্ষার্থে ভবিষ্যতে যেন বালিমহাল ইজারা দেওয়া না হয়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।